প্রকাশিত হল UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার ফল। এই পরীক্ষায় প্রথম হলেন শক্তি দুবে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হর্ষিতা গোয়েল। আর তৃতীয় স্থানে রয়েছেন ডোঙ্গরে অর্চিত পরাগ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) পক্ষ থেকে মঙ্গলবার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে, প্রথম পাঁচজনের মধ্যে তিনজনই মহিলা। রয়েছেন দু’জন পুরুষ। আর প্রথম ২৫ জনের মধ্যে মহিলা প্রার্থী ১১ জন। বাকি ১৪ জন পুরুষ। তালিকা অনুসারে, প্রথম ২৫ জনের মধ্যে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (আইআইটি) পড়েছেন আবার কেউ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), কিংবা দিল্লি বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সহ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে। কেউ পড়েছেন কমার্স। কেউ ইঞ্জিনিয়ারিং, কারও আবার মেডিক্যাল সায়েন্স কিংবা আর্টস ছিল।
২০২৪ সালের UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে মোট ১,০০৯ জন প্রার্থীর নাম। তাঁদের মধ্যে পুরুষ ৭২৫ জন। মহিলা আছেন ২৮৪ জন।
এই তালিকায় সর্বাগ্রে নাম শক্তি। তিনি বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে। রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক ছিল তাঁর ঐচ্ছিক বিষয়। বরোদার এমএস বিশ্ববিদ্যালয় থেকে বি.কম নিয়ে স্নাতক হর্ষিতা। শক্তির মতো রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক ছিল তাঁর ঐচ্ছিক বিষয়ের লিস্টে।
আবার তৃতীয় স্থান অর্জন করা পরাগ বিটেক করেছেন ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার করার পরে UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় তৃতীয় হয়েছেন তিঞ্জ। দর্শন ছিল তাঁর ঐচ্ছিক। আমদাবাদের গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেন চতুর্থ শাহ মার্গী চিরাগ।সমাজবিজ্ঞান তাঁর ঐচ্ছিক বিষয় ছিল। আর পঞ্চম স্থানাধিকারী আকাশ গর্গ দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করেন। সমাজবিজ্ঞান তাঁরও ঐচ্ছিক বিষয় ছিল।
বিভিন্ন ক্যাটেগরির ভিত্তিতে চাকরির জন্য সুপারিশ পাওয়া প্রার্থী
১) জেনারেল প্রার্থী: ৩৩৫।
২) আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থী: ১০৯।
৩) অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থী: ৩১৮।
৪) তফসিলি জাতিভুক্ত প্রার্থী: ১৬০।
৫) তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী: ৮৭।
৬) মোট শূন্যপদ: ১,০০৯।
