পহেলগাঁওয়ে জঙ্গী হানায় শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বহু। এটি সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা। আহতদের উদ্ধার করতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কারণ এই অঞ্চলে শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে যাওয়া সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন, যেখানে তিনি সমস্ত সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা করছেন।এর আগে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনা সম্পর্কে ব্রিফিং দেন।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র সৌদি আরব থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন এবং তাঁকে ঘটনাস্থলে যাওয়ারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মত কাশ্মীর যাওয়ার আগে অমিত শাহ তাঁর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত থাকেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল, জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় প্রথমে গুলির আওয়াজ শোনা গিয়েছিল।সন্ত্রাসীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে হঠাত করে গুলি চালাতে শুরু করে। মর্মস্পর্শী দৃশ্যে দেখা গেছে বেশ কয়েকজন মাটিতে নিথর পড়ে আছেন এবং অনেকে সাহায্যের জন্য কাতর আবেদন করছেন।
এই হামলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে দুই দিনের সফরে রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স ভারত সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এই হামলাকে কঠোর ভাষায় নিন্দা করে বলেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটল এবং একে আরও জোরদার করা হবে। তাদের এজেন্ডা কখনই সফল হবে না।” জে. ডি. ভ্যান্সও এই “ভয়াবহ সন্ত্রাসী হামলা” নিন্দা করেছেন। তিনি বলেন, “গত কয়েক দিনে আমরা এই দেশ ও তার মানুষের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। এই ভয়াবহ হামলায় শোকাহতদের জন্য প্রার্থনা জানাচ্ছি।”
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করতে একটি অ্যান্টি-টেরার অপারেশন চালু করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, “পাহালগাম হামলার অপরাধীদের তাদের নৃশংস কর্মের জন্য চড়া মূল্য দিতে হবে।” জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই হামলাকে “ঘৃণ্য” বলে আখ্যায়িত করে বলেন, তিনি ” এই হামলা বিশ্বাসের বাইরে”। তিনি এক্স -এ লিখেছেন, “এই হামলার অপরাধীরা অমানুষ, পশুর তুল্য। নিন্দার কোন শব্দই যথেষ্ট নয়। আমি মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।” এই হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁর কথায়, ‘‘এই হিংসার ঘটনা নিন্দনীয় এবং অবশ্যই শাস্তিযোগ্য।’’
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
