পহেলগাঁওয়ে হামলার জেরে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই এবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের ওপর হামলা চালাল পাক সেনা। বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালায়।জানা গেছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক স্থানে গুলি চালায় পাক সেনা। যদিও এই পাক হামলার যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।পাক হামলার ঘটনায় এখনও ভারতীয় দিকে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া বর্বরোচিত হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সেই মতোই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার বাজিপোরা এলাকায় সেনার তল্লাশি অভিযান চলাকালে হঠাৎই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা।এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকা কর্ডন করে ফেলে ও সার্চ অপারেশন চালায়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হয় এই অভিযান। জঙ্গিরা গুলি চালালে পাল্টা আক্রমণ করে সেনাও।সেখানে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে বলে জানা গেছে। শুক্রবার সকাল থেকে এই সংঘর্ষ শুরু হয় বলে সরকারি সূত্রে জানা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
পহেলগাঁও হামলার পরের দিন অর্থাৎ বুধবার থেকেই এনকাউন্টার শুরু হয় কুলগামে। এর পরে বৃহস্পতিবারও সকাল থেকে সংঘর্ষ চলেছে উধমপুরে। শুক্রবার বান্দিপোরার সংঘর্ষ ফের নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।পুঞ্চেও বৃহস্পতিবার সকাল থেকে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে সেনা। লাসানার জঙ্গলে জঙ্গিদের খোঁজ চলছে। পহেলগাঁও ঘটনার পর এমনিতেই উপত্যকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করেছে প্রশাসন।বিভিন্ন জায়গায় সেনার এনকাউন্টার ভবিষ্যতের আরও বড় হামলার পরিকল্পনা ভেস্তে দিতে সাহায্য করছে বলেই মনে করছে তারা।
শুক্রবারই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর ও উধমপুর সফরে যাচ্ছেন। এই সফরে তিনি কাশ্মীর উপত্যকায় মোতায়েন ঊর্ধ্বতন সেনা কমান্ডার এবং নিরাপত্তা সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
