সন্ত্রাস দমন অভিযানে বড়সড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। শনিবার ধনবাদ থেকে এক তরুণী-সহ মোট চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড ATS। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে ধৃতরা কুখ্যাত জঙ্গি সংগঠন হিজব-উত-তাহরির (Hizb-ut-Tahrir), আকিস (AQIS – Al Qaeda in Indian Subcontinent) এবং আইএসআইএস (ISIS)-এর সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে।
ধৃতদের নাম গুলফাম হাসান (২১), আয়ান জাভেদ (২১), শাহজাদ আলম (২০) এবং শবনম পরভিন (২০)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত চারজন দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল। ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, ১২ রাউন্ড তাজা কার্তুজ, একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং প্রচুর ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এছাড়াও, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঝাড়খণ্ড ATS-এর তরফে প্রকাশিত প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ধৃতরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে জঙ্গি কার্যকলাপে প্ররোচিত করার চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রের উদ্দেশ্য ছিল রাজ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের বিস্তার ঘটানো।
সূত্রের খবর, ATS-এর কাছে আগে থেকেই তথ্য ছিল যে, ধানবাদ এলাকায় কিছু যুবক চুপিসারে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে। সেই খবরের ওপর ভিত্তি করে নজরদারি চালিয়ে আজকের সফল অভিযান চালানো হয়। বর্তমানে ধৃতদের কাছ থেকে আরো তথ্য উদ্ধারের জন্য জেরা চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই সাফল্যের মাধ্যমে ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড আবারও প্রমাণ করল যে, রাজ্যে যেকোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে তারা সদা সতর্ক। রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
