বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন বরাবরই আয়ের দিক থেকে সবার শীর্ষে। শোনা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি টাকায়। তবে এবার তাঁর ছেলে অভিষেক বচ্চনও খবরের শিরোনামে উঠে এসেছেন ভিন্ন এক কারণে। অভিনয়ের পাশাপাশি তিনি এমন এক বিনিয়োগ করেছেন, যা থেকে প্রতি মাসে প্রায় ২০ লাখ টাকা ঘরে বসেই আয় করছেন।
মুম্বইয়ের জুহু এলাকায় বচ্চন পরিবারের বাসস্থান ‘জলসা’র কাছাকাছি আরও দুটি বাংলো রয়েছে, যার নাম ‘বৎস’ ও ‘আম্মু’। এই দুটি বাংলোর নিচতলা অভিষেক বচ্চন ভাড়া দিয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। জুহুর মতো প্রাইম লোকেশনে কমার্শিয়াল স্পেসের চাহিদা বরাবরই বেশি, তাই এই ভাড়া বেশ মোটা অঙ্কের।
জানা গেছে, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর স্টেট ব্যাংক ১৫ বছরের একটি লিজ চুক্তিতে ওই স্পেস ভাড়া নেয়। মাসিক ভাড়া নির্ধারিত হয় ১৮ লাখ ৯০ হাজার টাকা। চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছর অন্তর ভাড়া ২৫ শতাংশ করে বাড়বে। সেই হিসেবে ২০২৬ সালে ভাড়া বেড়ে দাঁড়াবে প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকায়, আর ১০ বছর পর তা আরও বেড়ে হবে ২৯ লাখ ৫০ হাজার টাকা মাসিক। চুক্তি সুরক্ষিত রাখতে ব্যাংকটি অগ্রিম প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা জমা রেখেছে, যা এক বছরের ভাড়ার সমান।
এই আয় ছাড়াও অভিষেক বচ্চন খুব শিগগিরই আবার পর্দায় ফিরছেন। তাঁর নতুন ছবি ‘হাউসফুল ৫’ মুক্তি পাবে ২০২৫ সালের ৬ জুন। এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজসহ আরও অনেকে। তরুণ মনসুখানি পরিচালিত এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।
