উত্তরাখণ্ডের উত্তরকাশীতে চারধাম যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। প্রাইভেট চপার দুর্ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দু’জন। জানা গিয়েছে, সাত জনকে নিয়ে চপারটি দেরাদুন থেকে হরসিল যাচ্ছিল।
ঘড়িতে তখন সকাল ৯টা। দেরাদুন থেকে সাত জনকে নিয়ে একটি চপার নাগমন্দিরের কাছে মাঝ আকাশে বিকট শব্দে ভেঙে পড়ে। আওয়াজ শুনে অকুস্থলে পৌঁছন স্থানীয়রা। চলে আসে সেনাবাহিনী, পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, মৃত্যু হয়েছে পাঁচ জনের। গুরুতর আহত দু’জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায়। তাই উদ্ধারকাজেও প্রাথমিক ভাবে সমস্যার মুখে পড়তে হয় সেনাকে। তবে, সমস্ত প্রতিকূলতা জয় করে সেনা এবং বিপর্যয় মোকাবিলা দল দ্রুত উদ্ধারকাজ শেষ করে।
চারধাম যাত্রায় অংশ নিতে আগ্রহীদের মধ্যে ইদানীং হেলিকপ্টারের কদর আকাশছোঁয়া। অনেক তীর্থযাত্রী পায়ে হেঁটে না গিয়ে সোজা চপারে গন্তব্যে পৌঁছন। এই কাজে বিভিন্ন বেসরকারি সংস্থা হেলিকপ্টার পরিষেবা দিয়ে থাকে। তেমনই একটি চপারে দেরাদুন থেকে হরসিল যাওয়ার পথে ঘটে গেল দুর্ঘটনা। তবে, কী ভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। চপারে কোনও যান্ত্রিক গোলযোগের ফলে দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনায় শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
