বুধবার রাতে ভারতের ১৫ জায়গায় পাকিস্তানি মিসাইল হামলা ব্যর্থ করেছে ভারত। কিন্তু লক্ষ্যে আঘাত হানার আগেই প্রতিটি মিসাইল মুখ থুবড়ে পড়ে বায়ুসেনার ‘এস- ৪০০ সুদর্শন চক্র’ মিসাইল ডিফেন্স সিস্টেমের সামনে। পাল্টা সকাল থেকে পাকিস্তানের লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডিতে পর পর ড্রোন হামলা চালাচ্ছে ভারতীয় সেনা। ভারতের ড্রোনের হানায় লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধরাশায়ী। পরিস্থিতি এমন যে, লাহোর বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। সব মিলিয়ে, অপারেশান সিঁদুরের জবাব দিতে গিয়ে আরও ল্যাজেগোবরে পাকিস্তান।
মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯ জায়গায় নিয়ন্ত্রিত হামলা চালায় ভারতীয় সেনা। ধ্বংস একের পর এক জঙ্গিঘাঁটি, মৃত্যু হয় বহু জঙ্গির। তার বদলা নিতে বুধবার রাতে ভারতের ১৫টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় পাকিস্তান। কিন্তু বায়ুসেনার ‘এস- ৪০০ সুদর্শন চক্র’ মিসাইল ডিফেন্স সিস্টেমের সামনে কিছুই করতে পারেনি পাক মিসাইল। সকাল হতেই পাল্টা ড্রোন হামলা শুরু করে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার দুপুরে বিবৃতি জারি করে জানায়, বুধবার রাতে উত্তর এবং পশ্চিম ভারতের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্দা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভুজের মতো ১৫টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায়। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সব কটিকেই ব্যর্থ করে দেয়। বিবৃতিতে আরও জানানো হয় যে, সকাল থেকে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা করে পাল্টা সমান মাত্রার হামলা চালায় ভারত। সেখানে বলা হয়েছে, লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করেছে ভারতীয় ড্রোন। হামলার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর-সহ পাকিস্তানের সব ক’টি বিমানবন্দর।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাইরেন বাজছে। সেখানে ড্রোন হামলা হয়নি বলে জানা যাচ্ছে। পাক সেনার সদর দফতর যে রাওয়ালপিন্ডিতে, সেখানে একটি স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে। এই প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেই হামলা কারা করল তা জানা যায়নি এখনও। লাহোরের আমেরিকান কনসুলেট ড্রোন হামলার প্রেক্ষিতে তাদের কর্মীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। পারলে পাকিস্তান ছাড়ার কথাও বলা হয়েছে।
