ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক টানাপড়েনের আবহে বলিউড তথা বিশ্বসংগীতের মঞ্চে এক আবেগঘন সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দেশের ভেতরে-বাইরে চরম উত্তেজনার মধ্যেই মুখ খুললেন না ঠিক, কিন্তু তাঁর কার্যকলাপেই বুঝিয়ে দিলেন অবস্থান। প্রতিবাদের ভাষা যে একমাত্র বক্তব্য নয়, সেটাই আবারও স্মরণ করালেন এই শিল্পী।
৯ মে, আবু ধাবিতে একটি আন্তর্জাতিক মেগা-কনসার্টে গান গাওয়ার কথা ছিল অরিজিতের। টিকিট বিক্রি, প্রস্তুতি সবই ছিল চূড়ান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে চলতে থাকা সামরিক সঙ্ঘাত, রাজনৈতিক পারদ এবং অপারেশন সিঁদুর নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন অরিজিৎ ও তাঁর টিম।
এক বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের এক কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। নয় মে আবু ধাবিতে আমাদের পারফরম্যান্স হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে আমরা তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধৈর্য রাখার জন্য এবং আমাদের সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সকল শ্রোতাকে ধন্যবাদ।”
এটা প্রথম নয়। এর আগেও, গত ২৭ এপ্রিল চেন্নাইয়ে একটি সংগীতানুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল অরিজিতের। পহেলগাঁওতে সন্ত্রাসী হানার ঘটনার পরে সেই কনসার্টও বাতিল করে দিয়েছিলেন তিনি। তখনও কোনও বড় বিবৃতি দেননি শিল্পী, কিন্তু তাঁর সিদ্ধান্ত থেকেই স্পষ্ট হয়েছিল, উত্তপ্ত পরিস্থিতিতে আনন্দের আয়োজন অস্বস্তিকর বলে মনে করেন তিনি।
বিবৃতির শেষ অংশে লেখা হয়েছে, “আপনাদের নিরন্তর ভালবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে আরও নতুন স্মৃতি গড়ার অপেক্ষায় থাকলাম।”
সংগীতশিল্পীদের সমাজিক দায়িত্ববোধের এক নিদর্শন হয়ে থাকলো অরিজিতের এই পদক্ষেপ। বহু তারকা যেখানে কেবল মুখে প্রতিবাদ জানান, সেখানে অরিজিৎ নিজের কাজের মাধ্যমেই সমাজ ও দেশের প্রতি তাঁর অনুভূতি প্রকাশ করেন, নিঃশব্দে, কিন্তু গভীরভাবে।
