সুদীপ্ত চট্টোপাধ্যায়
কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আপাতত স্থগিত। দেশের বর্তমান যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। ভারত-পাক যুদ্ধে আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানকে বিচার করে আপাতত এই উপনির্বাচনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। সরকারিভাবে এ নিয়ে কিছু না জানালেও নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। চলতি মাসেই নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল এবং জুন মাসের মধ্যবর্তী সময়ে নির্বাচন করানোর সব রকম প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। ইতিমধ্যেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার চূড়ান্ত সংশোধন সম্পূর্ণ হয়েছে এবং তা প্রকাশিত হয়েছে। প্রাথমিক পর্বের সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। গত পহেলা ফেব্রুয়ারি কালীগঞ্জ বিধানসভার প্রবীণ তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বিধায়কের মৃত্যুর ছয় মাসের মধ্যে ওই বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন করতে হয়। সেই অনুযায়ী আগামী 31 জুলাইয়ের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা কালীগঞ্জে। সেই অনুযায়ী প্রাথমিক পর্বের ব্যবস্থা সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। ৩১ জুলাই এর মধ্যে নির্বাচনে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে চলতি মাসের মাঝামাঝি নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া বাঞ্ছনীয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সর্বদল বৈঠকে এই ধরনের ইঙ্গিত দিয়েছিল কমিশন। শুধু কালীগঞ্জ নয়, কালীগঞ্জ সহ দেশের মোট আটটি বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন একসঙ্গে হওয়ার কথাও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছিল। কিন্তু সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতি সমস্ত পরিকল্পনা বদলে দিয়েছে বলে কমিশন সুত্রে জানানো হয়েছে। যদিও এ নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাইনি বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতির উপর নজর রেখেই আপাতত কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে।
