ভারতের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে আক্রমণের পথেই হাঁটছে পাকিস্তান। এবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সাইবার হানা। গোপন সূত্রে জানা গিয়েছে, ভারতকে লক্ষ্য করে বড় মাপের সাইবার আক্রমণের ছক কষছে পাকিস্তানের সাইবার ইউনিট।
বিশেষত মোবাইল ফোন ও কম্পিউটারে সন্দেহজনক মেসেজ, ভিডিও বা ফাইল পাঠিয়ে সেই হামলা চালানোর ছক রয়েছে। ইতিমধ্যেই একাধিক সরকারি সংস্থা এবং সাইবার নিরাপত্তা বিভাগ থেকে জনগণকে সতর্ক করা হয়েছে, যেন তারা অজানা উৎসের লিংক, ফাইল কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল থেকে সাবধানে থাকেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল বা মেসেজে “Tasksche.exe” নামে কোনও ফাইল কিংবা “Dance of Hillary” নামক ভিডিও থাকলে তা খুলবেন না বা ডাউনলোড করবেন না। এগুলির মাধ্যমেই ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করে, যার ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ—
ফোন বা মেসেজে অটো-ডাউনলোড অপশন বন্ধ করে দিন।
অচেনা নম্বর থেকে আসা কল বা মেসেজে ক্লিক করবেন না।
কোনও ফাইল বা ভিডিও ডাউনলোড করার আগে উৎস যাচাই করে নিন।
বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের সাইবার হানা মূলত ব্যক্তিগত তথ্য চুরি, সরকারি নেটওয়ার্কে অনুপ্রবেশ ও প্রযুক্তিগত ক্ষতির উদ্দেশ্যেই পরিকল্পিত। তাই দেশজুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা, বিশেষ করে সরকারি দপ্তর, মিলিটারি নেটওয়ার্ক এবং সংবাদমাধ্যমকে লক্ষ্য করেই সবচেয়ে বেশি হামলার চেষ্টা হচ্ছে।
ভারতীয় নাগরিকদের উদ্দেশে বার্তা— সচেতন থাকুন, প্রযুক্তির ফাঁদে পা দেবেন না।
