সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভারত-পাক যুদ্ধের দামামায় আইপিএল এর পর এবার অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দেওয়া হলো সিএবি পরিচালিত প্রো টি-টোয়েন্টি লিগ সিজন টু। দেশের সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতির নিরিখে জাতীয় সংহতি ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সর্বোপরি দেশের স্বার্থের কথা মাথায় রেখে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। নতুন করে কোন নোটিশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলেও জানিয়েছে সিএবি। পরবর্তীকালে নতুন ক্রীড়া সূচি এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সহ এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সম্পাদক নরেশ ওঝা জানিয়েছেন, ক্রিকেট সব সময় সংহতির প্রতীক। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং জাতীয় সংহতি ও সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে এবং ‘অপারেশন সিঁদুর’ এর সঙ্গে যুক্ত সমস্ত বীর সেনানিদের স্যালুট জানিয়ে সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা দেশের সঙ্গে ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল দেশ রক্ষার প্রয়োজনে যে কোন স্বার্থত্যাগ করতে প্রস্তুত।
