ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ঘটে চলেছে আরেকটি বিস্ফোরক রাজনৈতিক পর্ব। পাকিস্তানের চরম দমননীতির বিরুদ্ধে মুখ খুলে এবার সরাসরি গোটা বিশ্বের সামনে নিজেদের দাবি জানাল বালোচিস্তানের স্বাধীনতাকামী বিদ্রোহীরা।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ধারাবাহিক ড্রোন হামলার প্রেক্ষাপটে বালোচ বিদ্রোহীরা সোচ্চার হয়ে উঠেছে। নিজেদের ‘স্বাধীন জাতি’ বলে দাবি করে এক খোলা চিঠিতে তাঁরা পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিয়েছে। সেই চিঠিতে ভারতকে শান্তিপূর্ণ ও মানবিক দেশ হিসেবে বর্ণনা করে সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।
ভারতের পাশে থাকার বার্তা দিয়ে গোটা বিশ্বের কাছে আহ্বান জানিয়েছে বালোচরা। তাঁদের কথায়, “ভারত যেই সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, তা শান্তির পক্ষে। বিশ্বের উচিত ভারতের পাশে দাঁড়ানো।” তাঁরা আরও দাবি তুলেছে, ভারতের নেতৃত্বাধীন ‘অপারেশন সিঁদুরে’ অন্য দেশগুলোকেও সামিল হওয়া উচিত।
বালোচদের স্পষ্ট অভিযোগ, পাকিস্তানের রক্তচক্ষু ও নিপীড়নের শিকার শুধু ভারত নয়, আমরাও। দিনের পর দিন বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘন, গুম, ধরপাকড় ও হত্যা চলছে বলে অভিযোগ করেছে তারা।
এছাড়াও বালোচরা রাষ্ট্রপুঞ্জের কাছেও একটি সুস্পষ্ট দাবি জানিয়েছে,“ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালোচিস্তান”-কে স্বীকৃতি দিতে হবে। শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে পাকিস্তানি সেনাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে অঞ্চলটি থেকে—এমনই আবেদন তাঁদের।
বিশ্লেষকদের মতে, এই খোলা চিঠি শুধু পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে আরও চাপে ফেলবে না, বরং আন্তর্জাতিক মহলে বালোচিস্তানের স্বাধীনতার দাবি আরও জোরালোভাবে তুলে ধরবে।বিশ্বরাজনীতিতে এই নতুন মোড় কূটনৈতিক সমীকরণকে কিভাবে প্রভাবিত করে, সেটাই এখন দেখার বিষয়।
