ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে (ফরওয়ার্ড এরিয়া) সেনার সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে এমনই জানানো হল। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর এই প্রথম এমন বিপুল সেনা মোতায়েন। তবে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয়েছে।
শনিবার সকালের সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রী, কর্নেল সফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভ্যোমিকা সিংহ জানান, শুক্রবার রাতে পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের ২৬টি সামরিক ঘাঁটি ও অসামরিক পরিকাঠামোয় আঘাত হানার চেষ্টা করে। যা বেশির ভাগ ক্ষেত্রেই সফল ভাবে প্রতিহত করা হয়েছে। পাল্টা ভারত ছ’টি পাকিস্তানি বিমানঘাঁটিতে নিখুঁত প্রতিরোধমূলক হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তথ্য জানানোর দায়িত্বে থাকা উইং কমান্ডার সিংহ এবং কর্নেল কুরেশি জানান, পাকিস্তানের এই পরিমাণ সেনা মোতায়েন তাদের তীব্র আক্রমণাত্মক মনোভাবের ইঙ্গিত।
কর্নেল কুরেশি বলেন, “পাকিস্তানি সামরিক বাহিনীকে সীমান্ত এলাকায় মোতায়েন হতে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলার মতো। তবে, ভারতীয় সশস্ত্র বাহিনী সব দিক থেকে প্রস্তুত। শত্রুপক্ষের সমস্ত রকম অপচেষ্টার যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং হবে।”
শনিবার ভোরে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ অভিযান শুরু করে। যেখানে ড্রোন ও মিসাইল দিয়ে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাতের সামরিক ঘাঁটি ও অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। কোরানের একটি আয়াত থেকে নেওয়া এই অভিযানের নামের অর্থ ‘দুর্ভেদ্য প্রাচীর’।
সেনা আধিকারিকরা জানান, পাকিস্তান ড্রোন, দূরপাল্লার অস্ত্র, লুটারিং মিউনিশন এবং যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। উদমপুর, ভূজ, পাঠানকোট এবং ভাতিন্ডা সামরিক বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
এ ছাড়াও, রাত ১টা ৪০ মিনিটে পঞ্জাবের একটি বিমানঘাঁটিতে একটি ‘হাই-স্পিড মিসাইল’ হামলা চালানো হয়। এর আগে জানা গিয়েছিল যে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরসায় পাকিস্তানের ফাতেহ-২ ব্যালিস্টিক মিসাইল সফল ভাবে ব্যর্থ করেছে। পাকিস্তান শ্রীনগর, আওয়ান্তিপুর এবং উদমপুরের বিমানঘাঁটির মধ্যে থাকা হাসপাতাল ও বিদ্যালয় চত্বরে হামলা চালিয়েছে, যাকে ‘নিন্দনীয় ও নীতিহীন’ বলে আখ্যা দিয়েছে ভারত। কর্নেল কুরেশি বলেন, “এই ঘটনা আবারও প্রমাণ করে, অসামরিক পরিকাঠামোর উপর হামলা চালানো পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীন প্রবণতার কথা।”
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
