অবশেষে থামল সংঘর্ষ। শনিবার বিকেল ৫টা থেকে অস্ত্র সংবরণ করছে ভারত এবং পাকিস্তান। ট্রুথ সোশ্যালে প্রথম এ খবর দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ধ্যে ৬টা নাগাদ ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী জানান, দুপুর তিনটে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও ফোন করেন ভারতের ডিজিএমওকে। দু’জন বিকেল ৫টা থেকে সব রকম সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেন। আগামী ১২ মে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনা হওয়ার কথা আছে বলেও জানিয়েছেন বিক্রম।
শনিবার বিকেল ৫টা থেকে থেমে গিয়েছে ভারত-পাকিস্তান সংঘর্ষ। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমেরিকার মধ্যস্থতায় রাত ভর আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত এবং পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’
কিছু পরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োওর পোস্টেও কার্যত প্রেসিডেন্ট ট্রাম্পের কথার প্রতিধ্বনি। তিনি জানিয়েছেন গত ৪৮ ঘণ্টা ধরে দুই দেশের সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানিয়েছেন। জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে। ভারত ধারাবাহিক ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান নিয়ে এসেছে। এটি বজায় থাকবে।”
প্রসঙ্গত, শনিবার বিকেলেই ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে, এর পর থেকে দেশের মাটিতে যে কোনও জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবেই দেখা হবে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
