পাকিস্তানকে ১ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত ঋণ মঞ্জুর করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ হাজার কোটি টাকা। শুক্রবার আইএমএফের বোর্ড সভায় পাকিস্তানের জন্য ৭ বিলিয়ন ডলারের ‘এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি’র আওতায় ১ বিলিয়ন বা প্রায় ১০০ কোটি মার্কিন ডলার এবং ‘রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফেসিলিটি’র আওতায় ১.৩ বিলিয়ন ডলারের কিস্তি অনুমোদন করেছে। ভারত এই বৈঠকে ভোটদান থেকে বিরত ছিল, কারণ বিপক্ষে ভোটদানের কোনও ব্যবস্থা ছিল না।
অর্থ মন্ত্রক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঋণ পরিশোধে পাকিস্তানের দুর্বল ইতিহাস ও আইএমএফ কর্মসূচির সামগ্রিক কার্যকারিতা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে ভারত। সেই সঙ্গে “রাষ্ট্রীয় সহযোগিতায় সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ঋণের অর্থ অপব্যবহারের সম্ভাবনা নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। আইএমএফের কাছেও পাকিস্তানকে ঋণের প্রেক্ষিতে জোরালো আপত্তি নথিভুক্ত করেছে ভারত।
সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান সরকারের একটি বিবৃতি তুলে ধরে জানিয়েছে, ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির প্রথম পর্যালোচনার পর আইএমএফ পাকিস্তানের জন্য ১ বিলিয়ন ডলার নগদ অর্থ মুক্ত করেছে। এই পর্যালোচনায় অনুমোদনের ফলে এখন পর্যন্ত এই কর্মসূচির আওতায় মোট ২ বিলিয়ন ডলার পেল পাকিস্তান। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো থেকে আসা তহবিল, যেমন আইএমএফের ঋণের অর্থ, সামরিক খাতে বা সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কাজের জন্য অপব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন উদ্বেগ অনেক সদস্য দেশের মধ্যেই আছে।
