ভারতীয় ক্রিকেটে সময় এখন বড় পরিবর্তনের। অভিজ্ঞদের পর একে একে উঠে আসছে নতুন মুখ, আর সেই আবহেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। বহুদিন ধরেই এই সিদ্ধান্তের গুঞ্জন চলছিল। অবশেষে আইপিএল চলাকালীন একপ্রকার চমকে দিয়েই টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ভারতীয় দলের এই সফল অধিনায়ক। তবে এখানেই শেষ নয়। বোর্ডের নজরে এখন আর এক মহাতারকা—বিরাট কোহলি। তাঁর টেস্ট ভবিষ্যত নিয়েও চলছে তৎপর আলোচনা।
সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজে ভারতের বাজে পারফরম্যান্স, অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ানো এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না পৌঁছনো, এই সবই সিনিয়রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পারথে প্রথম টেস্টে না খেলা, এবং সিডনিতে নিজে থেকেই দলে না থাকায় রোহিতের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। যদিও সেই সময় অবসর জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রোহিত, বলেছিলেন সাময়িক বিরতি মাত্র। কিন্তু শেষমেশ তিনি নিজেই জানালেন, টেস্ট অধ্যায়ের ইতি টানলেন তিনি।
এদিকে, বোর্ডের এক অজ্ঞাতপরিচয় কর্তা আগেই পিটিআই-কে জানিয়েছিলেন, রোহিত, বিরাট, অশ্বিন ও জাডেজার মতো সিনিয়র ক্রিকেটাররা এই সিরিজে পারফর্ম করতে না পারলে সামনে ইংল্যান্ড সফরে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। সেই সতর্কবার্তাই যেন একে একে সত্যি হয়ে উঠছে। অশ্বিন সিরিজের মাঝপথে অবসর নিয়েছেন, রোহিত এখন সরে দাঁড়ালেন, এবার নজর বিরাট কোহলির দিকে।
এর মধ্যেই আরও একটি বড় প্রশ্ন উঠে এসেছে, মহম্মদ সামির ফর্ম ও ভবিষ্যৎ। চোট কাটিয়ে ফিরেছিলেন ইংল্যান্ড সিরিজে এবং এরপর দুর্দান্ত পারফর্ম করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু আইপিএলে চূড়ান্ত ব্যর্থতা তাঁকে রেখেছে প্রশ্নের মুখে। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং তরুণ অর্শদীপ সিং ধারাবাহিকভাবে ভালো খেলায় সামির জায়গা আরও টলমল হয়ে পড়েছে বলে বোর্ড সূত্রে খবর।
ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান যেন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সিনিয়রদের জায়গা নিচ্ছে তরুণ প্রজন্ম। সামনে ইংল্যান্ড সফর, কাদের রাখা হবে, কাদের ছেঁটে ফেলা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই নিতে চলেছে নির্বাচক কমিটি। টেস্ট ক্রিকেটে ভারতের নতুন মুখ কাদের দেখা যাবে, তা এখন সময়ই বলবে।
