সেনা ও পুলিশের যৌথ নিরাপত্তাবাহিনী বৃহস্পতিবার সকাল থেকে জঙ্গিদমনে নামে সামিল। এদিন কাশ্মীরের অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইতে প্রাণ হারিয়েছে তিন জঙ্গি। মৃতদের মধ্যে একজন আবার যুক্ত ছিল পহেলগাঁও হামলার সঙ্গে। সেনা সূত্রে জানা গিয়েছে যে, খতম হওয়া তিন জঙ্গিদের নাম স্নাতক পাশ আসিফ শেখ (২৮), দ্বিতীয়জন স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া আমির নাজির ওয়ানি (২০), নবম শ্রেণী অব্দি পড়াশোনা করা ইয়ার ভাট (২৬)।
প্রসঙ্গত, কাশ্মীর পুলিশের তরফে আজ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। ওই পোস্ট থেকেই জানা গিয়েছে যে,জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ত্রালে। প্রাথমিকভাবে মনে করা হয়, একজন জঙ্গির মৃত্যু হয়েছে। পরে অবশ্য খবর পাওয়া যায় ওই ঘটনায় তিন জনকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। তাঁরা তিনজনেই ‘জইশ-ই মহম্মদ’ জঙ্গি সংগঠনের সদস্য।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে ধর্ম জেনে ছাব্বিশ জন পর্যটককে খুন করে জঙ্গিরা। এই ঘটনার পাল্টা ভারতীয় সেনা ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়। বিভিন্ন রাজনৈতিক দল সেই সময় দাবি করে, এই ঘটনার সঙ্গে যুক্ত জঙ্গিদের গ্রেফতার করা হোক। এর মধ্যেই বৃহস্পতিবার এক বড় খবর। হামলার ঘটনায় জড়িত থাকা এক ব্যক্তি খতম হয়ে গিয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসবাদকে ভারত যে কোনও ভাবেই ছেড়ে কথা বলবে না, সে কথা আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দেয় দিল্লি। সেই মোতাবেক সোপিয়ানে অপারেশন ‘কেল্লার’ চালায় ভারতীয় সেনা। সেখানেই নিকেশ হয় তিনজন জঙ্গি। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড,বুলেট উদ্ধার হয় তাদের কাছ থেকে। উদ্ধার হয়েছে বান্ডিল-বান্ডিল ভারতীয় টাকা। দীর্ঘদিন ধরে জঙ্গলে লুকিয়ে ছিল এই জঙ্গিরা। পর্যাপ্ত পরিমাণে বিস্কুট আর খাবার ছিল তাদের কাছে। ছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে।
