India-Pakistan: সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। যে কোনও নাশকতার ঘটনাকে এখন থেকে ‘যুদ্ধ’ হিসেবে দেখা হবে বলে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে। আর তা বিশ্বকে জানাতে বিশেষ দল একাধিক দেশে পাঠাতে চলেছে সরকার। চলতি মে মাসের শেষের দিকে এই সাত সদস্যের প্রতিনিধি দল পাঠানো হবে।
আর এই প্রতিনিধি দলে থাকছেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor), জেডিইউ’র সঞ্জয় কুমার ঝা (Sanjay Kumar Jha), ডিএমকের কানিমোঝি করুণানিধি (Kanimozhi Karunanidhi), এনসিপির সুপ্রিয়া সুলে (Supriya Sule), শিবসেনার একনাথ শিন্ডে (Eknath Shinde), বিজেপির রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) এবং বিজেপির বৈজয়ন্ত পান্ডা (Baijayant Panda) এই তালিকায় আছেন।
পহেলগাঁওতে ভয়াবহ হামলার (Pahalgam attack) বদলা নিতেই পাকিস্তানের মাটিতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালিয়েছে ভারতীয় সেনা। বিশেষ এই অপারেশনে সে দেশে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটিকে ধূলিস্যাৎ করে দেওয়া হয়। এই প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ১০০-রও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, সন্ত্রাসবাদকে যে কোনও ভাবে প্রশয় দেওয়া হবে না, তা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত।
এবার তা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে সরকার। আর তাই আমেরিকা সহ একাধিক দেশে প্রতিনিধি দল পাঠানোর এই সিদ্ধান্ত। আর এই দলে সমস্ত বিরোধীদলের প্রতিনিধিদের রাখা হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজেজু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে (আগে-টুইটার) জানিয়েছেন, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল, গোটা দেশ ঐক্যবদ্ধ রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিয়ে শীঘ্রই সাত সদস্যের প্রতিনিধি দল যাবে অন্যান্য দেশে। রাজনীতি তথা সব বিভেদের উর্ধ্বে ঐক্যের বার্তা পৌঁছে দেবে ভারত।
জানা গিয়েছে, কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থারুরের নেতৃত্বে বিশেষ দলকে পাঠানো হচ্ছে আমেরিকায়, ইউরোপে যাবেন বৈজয়ন্ত পান্ডা, রাশিয়ায় যাবেন কানিমোঝি করুণানিধি, আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে যাবেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে এবং পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করে দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাবেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
এই প্রসঙ্গে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি করতে পেরে সম্মানিত বোধ করছি। এজন্য নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রককে ধন্যবাদ পর্যন্ত জানিয়েছেন। তবে প্রতিনিধি দলে শশী থারুরের নাম নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে কংগ্রেস। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কংগ্রেসের দাবি যে তালিকা তাদের তরফে দেওয়া হয়েছিল সেখানে শশী থারুরের নাম ছিল না। তাহলে কীভাবে সেই নাম সরকারের দেওয়া তালিকায়? প্রশ্ন কংগ্রেসের।
