ধর্ষণের অভিযোগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ খ্যাত বাংলাদেশি গায়ক নোবেল গ্রেফতার। ঢাকার ডেমরা এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মহিলাকে অপহরণের পর বন্দি করে ধর্ষণ ও অকথ্য অত্যাচারের অভিযোগ নোবেলের বিরুদ্ধে। টানা ৭ মাস ধরে চলে নির্যাতন। এদিন সকালে নোবেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মহম্মদ তালেবুর রহমান।
ঘটনায় ডেমরা থানার অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নোবেলের নাম উল্লেখ করা হয়। সোমবার গভীর রাতে বাংলাদেশের জাতীয় আপদকালীন যোগাযোগের নম্বর ৯৯৯-তে ফোন আসে। রাতেই নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। এরপর অভিযোগের ভিত্তিতে নোবেলকে গ্রেফতার করে দুপুর ৩টে নাগাদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়। জামিনের আবেদন খারিজ হয়ে গেলে গায়ককে জেলে পাঠানো হয়।
নোবেলের পাশাপাশি আরও ২ থেকে ৩ জন অভিযুক্তের নাম জড়িয়েছে ধর্ষণের ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিঁড়িতে টানা হেঁচড়া করে নির্যাতিতাকে একটি লোক নিয়ে যাচ্ছে। পরে অভিযুক্ত নোবেলকে শনাক্ত করে পুলিশ। ওই ভিডিও দেখার পরেই রাতারাতি নির্যাতিতার মা বাবা জরুরি নম্বরে ফোন করেন। রাত ১০টা নাগাদ ডেমরার বাড়িতে হানা দিয়ে মহিলাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন নোবেল। কিন্তু তাঁকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলো-কে এমনটাই জানান ডেমরার ওসি মাহমুদুর রহমান। তাঁর বিস্ফোরক দাবি, সীমান্তে ছোট বাসে করে দেশ ছেড়ে পালানোর ছক কষেছিল নোবেল। তবে তার আগেই তাঁকে ধরে ফেলে পুলিশ।
তবে ওই মহিলা নোবেলের সঙ্গে পূর্বপরিচিত। ২০১৮ তে সোশ্যাল মিডিয়ায় তাঁদের যোগাযোগ হয় বলে দাবি। গত নভেম্বর মাসে মিউজিক স্টুডিও দেখানোর অছিলায় নোবেল জোর করে ওই মহিলাকে ঘরে আনে বলে অভিযোগ। এরপর মহিলা বেরোতে চেষ্টা করলে তাঁর মোবাইল ভেঙে দেওয়া হয় বলে দাবি। ঘরে বন্দি করে মহিলাকে ধর্ষণের ভিডিও পর্ন সাইটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি।
