Jyoti Malhotra: এবার জ্যোতি মালহোত্রার পার্সোনাল ডায়েরি হাতে পেল পুলিশ। পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি বর্তমানে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। জ্যোতিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনআইএ, গোয়েন্দা ব্যুরো ও হরিয়ানা পুলিশ। সূত্রের খবর, ১০-১১ পাতার পার্সোনাল ডায়েরিতে ৮ পাতা জুড়ে নিজের ভ্রমণ অভিজ্ঞতা লিখেছেন জ্যোতি। বাকি তিন পাতায় রয়েছে পাকিস্তানকে নিয়ে হিন্দিতে লেখা কিছু কথা।
ভারতে থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন ১১ জন। পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে থেকে তাদের ধরে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বছর তেত্রিশের ইউটিউবার জ্যোতি। গোটা উত্তর ভারত জুড়ে পাকিস্তানের হয়ে এরকম গুপ্তচরদের নেটওয়ার্ক থাকতে বলে আশঙ্কা তদন্তকারীদের। গত ১৬ মে নিউ আগারসন এক্সটেনশন থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। ‘ট্রাভেল উইথ জো’ নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর।
বিদেশ সফরে গেলেই ওই ডায়েরি সঙ্গে করে নিতেন জ্যোতি। পাকিস্তান সফরের পর হিন্দিতে ডায়েরিতে জ্যোতি লেখেন, “১০ দিনের সফর শেষে আমার দেশ ভারতে ফিরে এলাম। আর কতদিন এই কাঁটাতারের দূরত্ব থাকবে আমরা জানি না, তবে আমাদের মনের সব মলিনতা যেন দূর হয়ে যায়। আমরা সবাই একই ভূখণ্ড, একই মাটির মানুষ।” পাকিস্তানে যে আতিথেয়তা তিনি পেয়েছেন, তা উল্লেখ করেন জ্যোতি।
ডায়েরিতে একটি জায়গায় কারও উদ্দেশে ‘আই লাভ ইউ’ লিখেছিলেন জ্যোতি। তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক জায়গায় আবার লেখা, “সবিতাকে ফল আনতে বলো। বাড়ির খেয়াল রেখো। আমি শীঘ্রই ফিরে আসব।” এই সবিতা কে? তাঁর সঙ্গে জ্যোতির কী সম্পর্ক? তা নিয়েও তদন্ত করা হবে।
তদন্তকারীরা আরও জানান, প্রায়ই রাত করে কাজ করতেন জ্যোতি। রাত ১টা পর্যন্ত এডিটিং ও ভিডিয়ো আপলোডের কাজ করতেন। যদিও এই ঘটনার পর জ্যোতির পাশে নেই তাঁর পরিবার। মামলায় কোনওরকম হস্তক্ষেপ করেননি জ্যোতির বাবা। যদিও জ্যোতির বিদেশ সফরের ছবি, আর্থিক লেনদেন-সহ সবটা খতিয়ে দেখছে পুলিশ।
