নিজের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল থেকে ছ’বছরের জন্য বহিষ্কার করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। দলের শৃঙ্খলা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায়ের সংগ্রামের নামে এ হেন কঠোর পদক্ষেপ লালুর।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে লালু জানান, ‘ব্যক্তিগত জীবনে নৈতিকতার অবক্ষয় গোটা দলের সংগ্রামকে দুর্বল করে তোলে। আমি বহুদিন ধরে দেখছি, তেজপ্রতাপের ব্যবহার, মন্তব্য এবং সাম্প্রতিক কর্মকাণ্ড আরজেডির মূল্যবোধ ও আমাদের পারিবারিক ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না।”
একদিন আগে নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিস্ফোরক পোস্ট করেন তেজপ্রতাপ। তিনি জানান, গত ১২ বছর ধরে তিনি অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁর কথায়, “আমাদের সম্পর্ক লুকোনো নয়, বরং গর্বের। আমরা একে অপরকে জীবনের সব ওঠাপড়ায় ভালোবেসে এসেছি।” তার পর থেকেই রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ ওঠে তাঁর ওপর। তেজপ্রতাপের এই পদক্ষেপ দলের ভাবমূর্তিতে সরাসরি প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
ছেলেকে বহিষ্কারের পর তেজপ্রতাপও পাল্টা সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে বলেন, ‘আমি কারও অনুমতির অপেক্ষায় থাকি না। আমার হৃদয় যা বলে, সেটাই করি। সত্য প্রেম লুকিয়ে রাখা যায় না। আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিই।’ তাঁর কথায়, ‘যদি ভালোবাসা অপরাধ হয়, তবে আমি বার বার সেই অপরাধ করতে রাজি। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, ভালবাসাকে লুকোতে নয়।’ সব মিলিয়ে, এত দিন ধরে আরজেডির অন্দরমহলে থাকা পারিবারিক মতবিরোধ আজ প্রকাশ্যে উঠে এল।
