গো-রক্ষার নামে মাংসবাহী ট্রাকে হামলা দুষ্কৃতীদের! একটি মিনি ট্রাকে করে মাংস নিয়ে যাচ্ছিলেন চারজন। তাঁদের উপরেই চড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড় জেলার আলাহদাদপুর গ্রামে। দুষ্কৃতীদের হাত থেকে পুলিশ আহতদের উদ্ধার করে। গুরুতর ভাবে জখম তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। যদিও আহত যুবকদের দাবি, গো মাংস নয়, মোষের মাংস নিয়ে যাচ্ছিলেন তাঁরা। যা মোটেই নিষিদ্ধ নয়। কিন্তু কে শোনে কার কথা! ইতিমধ্যেই মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে আলিগড় গ্রামীণ পুলিশের সুপার অমৃত জৈন জানান, গ্রামবাসীদের অভিযোগ লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে। অথচ, হামলাকারীদের বিরুদ্ধে কোনও মামলা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। হামলার দায় স্বীকার করেছে ‘অখিল ভারতীয় হিন্দু সেনা’। এটি বজরং দলের একটি শাখা সংগঠন হিসেবে কাজ করে। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেও শোনা যায় তাদের।
এই ঘটনার দু’দিন আগে একই ধরনের ঘটনা ঘটে কৌশাম্বীতে। সেখানেও একটি ট্রাক থামিয়ে ‘গো-রক্ষা’ সংস্থার নামে একটি সংস্থা বিজেপির পতাকা হাতে নিয়ে জোর করে টাকা আদায়ের চেষ্টা করে। টাকা না দেওয়ায় গবাদি পশু ব্যবসায়ী রোহিত পাল এবং তাঁর দুই সঙ্গীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ দুই অভিযুক্ত সঙ্গম পান্ডে ও সানি মৌর্য ওরফে সর্বেশকে গ্রেফতার করে। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
২০১৪ পরবর্তী সময়ে গো-রক্ষা বাহিনীর গুণ্ডামির রমরমা। আকলাখ থেকে শুরু করে সেই ট্র্যাডিশন সমানে চলছে। পাকিস্তানের মুখোশ খুলে দিতে যেখানে সর্বদলীয় প্রতিনিধিদল দুনিয়া ঘুরছে, বার্তা দিচ্ছে ভারতের সর্বধর্ম সহিষ্ণুতার সেখানে ‘ডবল ইঞ্জিন’ উত্তর প্রদেশে কট্টর হিন্দুত্ববাদীদের গুন্ডামি থামানো যাচ্ছে না। স্বভাবতই প্রশ্ন উঠছে যোগীর সরকারের পরোক্ষ সমর্থনে এই অরাজকতা দিনকে দিন বেড়ে চলছে না তো?
