ক্রমেই ঘরে বাইরে প্রবল চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার।পদত্যাগ জল্পনার পর নানা প্রশ্ন ও দাবির মুখে পড়েছে তাঁর প্রশাসন।এবার তারা আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিল বিএনপি।রোববার ঢাকা প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশের সময় নিউজ এই তথ্য দিয়েছে।
সেই প্রতিবেদন অনুসারে এদিন বিএনপি নেতা গয়েশ্বর বলেন, “আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ড. ইউনূস ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। কিন্তু আমরা চাই ড. ইউনূস সফল হোক। ওনার সফলতা মানেই হলো জুলাই-আগস্ট আন্দোলনের সফলতা। আজ যারা জুলাই আন্দোলনের মুকুট চায়, তাদের তো মুকুট অনেক আগেই দেয়া হয়েছে। আমরাও দিয়েছি।”
এর আগে শনিবার রাতেই ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কিছু কর্মকাণ্ডে জনমনে নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলে দাবি তুলেছে বিএনপি। দলের পক্ষ থেকে তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে বলা হয় – ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান; কিন্তু গত সাড়ে ৯ মাসে জনপ্রত্যাশা বা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন।
অন্তর্বর্তী ইউনূস সরকারের নিরপেক্ষতা, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার আগেই দ্রুত এবং এবছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ভোটের দাবি তুলেছে খালেদা জিয়ার দল। এবার সেই সুরেই ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দাবি তুলল বাম গণতান্ত্রিক জোট। রোববার দুপুরে ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের পরিচালন কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার শুধু একটি বিশেষ দল ও গোষ্ঠীর প্রতি সহায়তা করায় সংকট তৈরি হয়েছে। ফলে উদ্ভূত সংকটের দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে দাবি করা হয়েছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
