ক্রমেই যেন এক অস্থির যুদ্ধকালীন সময়ে প্রবেশ করছে গোটা বিশ্ব।সদ্য ইউক্রেনে রুশ হানা নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার জবাবে ৩য় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। সোশ্যাল মিডিয়ায় দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, এর পরিণতিতে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।
কিন্তু কেন এমন পরিস্থিতি? আসলে এক সময়ে ভাল বন্ধুর কথা বলা হলেও পুতিন নিয়ে ট্রাম্পের হতাশা ক্রমশ বাড়ছে। ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে। সদ্য কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় ১৩ জন নিহত হওয়ার পর তার এই হতাশা স্পষ্ট হয়ে উঠেছে।গত কয়েক সপ্তাহে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়লেও পুতিনের বিরুদ্ধে শান্তি আলোচনা পিছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে ফের নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু মানুষের মৃত্যুর পর ট্রাম্প বলেছেন, মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ‘নিশ্চিতভাবে’ বিবেচনা করবেন তিনি।
মঙ্গলবার ট্রাম্প পুতিনকে পরিণতির জন্য হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না যে, আমি যদি না থাকতাম, তাহলে রাশিয়ার জন্য ইতিমধ্যেই অনেক খারাপ কিছু হয়ে যেত— আমি বলছি, সত্যিই খুব খারাপ কিছু! তিনি আগুন নিয়ে খেলছেন!”
এর জবাবে মুখ খুলেছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেছেন, এর পরিণতি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি এক্স-এ লিখেছেন, “ট্রাম্প পুতিন সম্পর্কে ‘আগুন নিয়ে খেলা’ এবং রাশিয়ার জন্য ‘সত্যিই খারাপ কিছু’ হওয়ার কথা বলেছেন। আমি শুধু একটি ‘সত্যিই খারাপ’ জিনিস জানি, সেটা হলো বিশ্বযুদ্ধ ৩। আশা করি, ট্রাম্প এটা বুঝবেন!”
মেদভেদেভ মন্তব্য করলেও মস্কো ট্রাম্পের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে রাশিয়া আলোচনা থেমে যাওয়ার দায় ইউক্রেনের উপর চাপিয়েছে। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের অসামরিক নাগরিকদের উপর হামলা বাড়ার জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।এছাড়া, ইউক্রেন শান্তির চেষ্টায় বাধা দিতে চাইছে বলে অভিযোগ করেছে মস্কো।
প্রশ্ন হল ট্রাম্প কী সত্যিই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা পথে হাঁটবেন? স্পষ্ট না করলেও ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন জানিয়েছে, রিপাবলিকান নেতা ট্রাম্প এই সপ্তাহেই নতুন নিষেধাজ্ঞার পথে হাঁটতে পারেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
