পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সিনিয়র কংগ্রেস নেতার প্রাক্তন ব্যক্তিগত সচিব। পেশায় রাজস্থান সরকারের কর্মী ধৃত শকুর খান। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করতেন বলে অভিযোগ। ধৃতের ফোনে একাধিক অজ্ঞাত পাকিস্তানি নম্বরও মিলেছে বলে সূত্রের খবর। স্রেফ তাই নয়, ওই সরকারি কর্মী কমপক্ষে ছ’ থেকে সাত বার পাকিস্তানেও গিয়েছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন রাজস্থানের জয়সলমীর জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন ধৃত শকুর। জয়সলমীরেরই বাসিন্দা তিনি। জয়পুর থেকে সিআইডি ও বিশেষ গোয়েন্দা দল সটান জয়সলমীরের সরকারি দফতরে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
দীর্ঘদিন ধরে একাধিক সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পাকিস্তানি দূতাবাসের কর্মীদের সঙ্গে নিয়মিত অভিযুক্ত যোগাযোগ রাখতেন বলেও অভিযোগ। এ প্রসঙ্গে স্থানীয় পুলিশ সুপার সুধীর চৌধরি জানান, “উপরমহল থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সমস্ত নথি যাচাই করে জিজ্ঞাসাবাদ চালানো হবে।”
রাজস্থানের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শেল মহম্মদের ব্যক্তিগত সচিবও ছিলেন ধৃত শকুর। ওই কংগ্রেস নেতা ও ধৃতের বাড়ি এক গ্রামে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, ধৃত শাকুরের ফোনে একাধিক পাকিস্তানি নম্বর মিলেছে, যার কোনও ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এমন কি তদন্তকারীদের জেরায় ৬-৭ বার পাকিস্তানে যাওয়ার কথাও স্বীকার করেছেন ধৃত। যদিও শকুরের ফোনে কোনও প্রতিরক্ষা সংক্রান্ত বা স্পর্শকাতর তথ্য মেলেনি বলেই জানিয়েছেন তদন্তকারীরা। বেশ কিছু তথ্য ডিলিটও করে দেওয়া হয়েছে। ধৃতের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরের কেন্দ্রীয় তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
