নতুন ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’-র প্রচার থেকে সরিয়ে দেওয়া হল অভিনেতা রাম কাপুরকে। অভিযোগ, প্রচার অনুষ্ঠানে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন, যা প্রচার টিম ও সাংবাদিকদের অস্বস্তিতে ফেলে দেয়। তার জেরেই প্রচার থেকে বাদ রাম কাপুর।
গত বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হোটেলে ‘মিস্ট্রি’ সিরিজের প্রচার চলাকালীন ঘটে এই ঘটনা। রাম ও তাঁর সহ-অভিনেত্রী মোনা সিং সারা দিন ধরে একাধিক সাক্ষাৎকার দেন। সেই সময় রাম এক মার্কেটিং কর্তাকে চুমু খাওয়ার মতো আপত্তিকর মন্তব্য করেন। শুধু তাই নয়, নিজের জন্ম নিয়ে আপত্তিকর রসিকতা করেন এবং এক সাংবাদিকের সামনেই ‘গ্যাং রেপ’-এর মতো শব্দ ব্যবহার করে রসিকতা করেন। একাধিক মহিলা কর্মীর পোশাক নিয়েও অভিনেতা রাম অশোভন মন্তব্য করেন। বলেন, “ওরা যদি আমার সামনে থাকে, আমি তাকাব না, তা কি হয়?” তাঁর এই সব মন্তব্যকে ঘিরে অসন্তোষ তৈরি হয়। শুক্রবার দেখা যায় শুধুমাত্র মোনা সিং-ই প্রচারে অংশ নিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, অভিযোগ ওঠার পরেই রামকে প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “এই প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রের মর্যাদা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ ওঠার পর এবং প্রত্যক্ষদর্শীদের থেকে ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মক্ষেত্রের শালীনতাকে নষ্ট করে, আমরা এমন কোনো আচরণকে সমর্থন করি না”। প্রসঙ্গত, ‘মিস্ট্রি’ হল জনপ্রিয় এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত বিদেশি সিরিজ ‘মঙ্ক’-এর ভারতীয় রূপান্তর। জিও হটস্টারে এটি ২৭ জুন থেকে স্ট্রিমিং হবে।
