খুব শিগগির বড় পর্দায় আসতে চলেছে ‘অজয়, দ্য আনটোল্ড স্টোরি অফ এ যোগী’। যোগী নামটি শুনে যদি আপনার মনে হয় এটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে নিয়ে তৈরি, তাহলে বলে রাখি, আপনি একদম ঠিক ভাবছেন। যোগীর জীবন নিয়ে তৈরি ছবিটির রিলিজের তারিখও ঠিক হয়ে গেছে। ছবির প্রোডিউসার ঋতু মেঙির মতে, ছবিটি এমন একজন মানুষের জীবনের ওপর যা লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।
ছবিতে যোগীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা অনন্ত জোশিকে। অনন্ত জোশি এই চরিত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এমনকি যোগীর লুক পেতে নেড়াও হয়েছেন। অনন্ত জানিয়েছেন, “যেদিন আমি নেড়া হচ্ছিলাম সেদিন কেঁদেই ফেলেছিলাম। আসলে চুলের স্টাইল নিয়ে আমি প্রথম থেকেই ভীষণ সংবেদনশীল ছিলাম। কিন্তু চরিত্রের জন্য আমি নিজেই নেড়া হওয়ার সিদ্ধান্ত নিই। নেড়া হওয়ার সময় মনে হচ্ছিল আমার ভেতরের কোনো অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি”।
উল্লেখ্য, অনন্ত এর আগে বড়পর্দায় ‘টুয়েলভথ ফেল’, ‘ব্ল্যাক আউট’ এবং ‘কাঁঠাল’-এর মত ওয়েব সিরিজে অভিনয় করে নিজস্ব পরিচয় তৈরি করেছেন। চলতি বছরের জুনে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের জন্মদিনে ছবির ঘোষণা করা হয়। শান্তনু গুপ্তার বেস্টসেলার The monk who became chief minister এর ওপর নিৰ্ভর করে তৈরি হয়েছে চিত্রনাট্য।
