দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অত্যাধুনিক ‘অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার’ হাতে পেতে চলেছে ভারত। মার্কিন সংস্থা বোয়িংয়ের তরফে চলতি মাসেই প্রথম দফায় তিনটি কপ্টার পাঠানো হবে ভারতে। প্রথম অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন গঠনের পর ১৫ মাস কেটে গিয়েছে। তবে এবার যুদ্ধ কপ্টার হাতে পেয়ে তা দেশের পশ্চিম সীমান্তেই মোতায়েন করতে চলেছে ভারত।
অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক রণসজ্জা আরও জোরদার করছে ভারত। আর এবার, দুর্ভেদ্য এই অ্যাপাচে হেলিকপ্টার মোতায়েন করে পাকিস্তানকে কড়া নজরে রাখবে বায়ুসেনা। ‘উড়ন্ত ট্যাঙ্ক’ হিসেবে পরিচিত কপ্টারগুলি। হেলফায়ার মিসাইল রয়েছে তাতে। শত্রুপক্ষের ট্যাঙ্কও ধ্বংস করতে পারে অনায়াসে। সে রকমই তিনটি অত্যাধুনিক হেলিকপ্টার ভারতীয় সেনার হাতে আসতে চলেছে।
২০২০ সালে বোয়িং-এর সঙ্গে প্রায় ৪,২০০ কোটি টাকার চুক্তি করে ভারতীয় সেনা। চুক্তি অনুযায়ী ছ’টি ‘অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার’ কেনার কথা ভারতের। ২০২৪ সালের মে বা জুনেই তিনটি কপ্টার পাওয়ার কথা ছিল। পরে ডিসেম্বর বলা হলেও পেরিয়ে গিয়েছে সময়। ২০২৪ সালেরই মার্চে যোধপুরে পাক সীমান্তে প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠন করেছিল ভারতীয় সেনা। প্রশিক্ষণ পর্বও সম্পন্ন হয়েছে। অবশেষে ২০২৫ এর জুলাই মাসে প্রথম দফায় তিনটি অ্যাপাচে হেলিকপ্টার আসতে চলেছে দেশে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রযুক্তিগত সমস্যার কারণেই হেলিকপ্টারগুলি পাঠাতে দেরি করেছে আমেরিকা। তবে দ্বিতীয় দফায় বাকি তিনটি কপ্টারও চলতি বছরের শেষের দিকে পাঠাতে পারে আমেরিকা। ২০১৫ সালে এক চুক্তির মাধ্যমে ইতিমধ্যেই ২২টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার হাতে পেয়েছে ভারতীয় সেনা। আর এবার চিন পাকিস্তানকে নজরে রেখে আরও শক্তিবৃদ্ধি করতে চলেছে ভারতীয় সেনা।
