আরও একটি বিশ্ব রেকর্ডের মালিকানা ভারতীয়দের দখলে। স্পেনের মাদ্রিদে তিরন্দাজির বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন দুই ভারতীয়। প্রতিযোগিতার মিক্সড টিম ইভেন্টে মোট ৭০ বার ‘বুলস আই’ হিট করে বিশ্বরেকর্ড করলেন ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম। চিনের মাটিতে আসন্ন বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা ইতিমধ্যেই অর্জন করেছেন তাঁরা। তার আগে চলতি প্রতিযোগিতায় দুই ভারতীয় মিলে স্কোর করলেন মোট ১,৪৩১ পয়েন্ট।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মাদ্রিদে তিরন্দাজির বিশ্বকাপে পুরুষদের কম্পাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২ বারের মধ্যে ৬৮ বারই ১০ পয়েন্ট অর্জন করে ৭১৬ পয়েন্ট স্কোর করেছেন ঋষভ। এর মধ্যে ৩৫ বার ‘বুলস আই মারেন।’ অন্যদিকে মহিলাদের কম্পাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে জ্যোতির স্কোর ৭১৫। তিনিও ঋষভের মত ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেছেন। এবং তার মধ্যে ৩৫ বার ‘বুলস আই’ হিট করেছেন। এর আগে ডেনমার্কের তানজা গেলেনথিয়েন এবং মাথিয়াস ফুলেরটন দখলে ছিল সবথেকে বেশি স্কোর করার বিশ্বরেকর্ড। ২০২৩ সালের ইউরোপিয়ান গেমসে তাঁরা সংগ্রহ করেছিলেন মোট ১,৪২৯ পয়েন্ট।
সেই বিশ্বরেকর্ডকে টপকে ভারতের ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম স্কোর করলেন ১,৪৩১ পয়েন্ট। এ হেন সাফল্যের পর স্বভাবতই উচ্ছ্বসিত দুই ভারতীয় তিরন্দাজ। ঋষভের কথায়, “এ বার অলিম্পিকে তিরন্দাজির মিক্সড টিম ইভেন্ট আছে। তার আগে এই সাফল্য আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। এর আগে বছরের শুরুতেও আমরা ফ্লোরিডাতে সোনা জিতেছিলাম।” অন্যদিকে জ্যোতি বলেন, ” এ বছর ভালই খেলেছি। তবু যেন কিছু সমস্যা হচ্ছিল বলে মনে হয়েছে। বিশ্বকাপে সেটা কাটিয়ে উঠতে পেরে অনেকটাই আত্মবিশ্বাসী লাগছে।
