প্রথম দুই টেস্টের ব্যর্থতা ঝেড়ে লর্ডসে শতরান হাঁকালেন জো রুট। সেই সুবাদে ঢুকে পড়লেন টেস্টে সর্বাধিক শতরানের তালিকার প্রথম পাঁচে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন রমেশ তেন্ডুলকর। কেরিয়ারে মোট ৫১ ইনিংসে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ক্রিকেট ঈশ্বরের থেকে ৩৪ বছর বয়সী রুট পিছিয়ে মাত্র ১৪ ধাপ। হোম অব ক্রিকেটে শুক্রবার নিজের ৩৭ তম শতরান পূর্ণ করলেন ইংরেজ ব্যাটার।
বৃহস্পতিবারই রুটের ব্যাটিংয়ে ধরা পড়েছিল অন্যরকম ছবি। অ’বাজবল’সুলভ ব্যাটিংয়ে সকলকে তাক লাগিয়ে দেন তিনি। মহম্মদ সিরাজ এ দিন ‘বাজবল’ খেলার আহ্বান জানিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন রুটকে। কিন্তু কারও কোনও প্রলোভনে পা না দিয়ে দিনের শেষে ৯৯ রানে নট আউট থাকেন তিনি। অতঃপর ম্যাচের দ্বিতীয় দিন সকাল সকাল ফিরে যাওয়ার আগেই তেন্ডুলকরের ৫১ টি টেস্ট শতরানের রেকর্ডের দিকে গুটি গুটি বাড়িয়ে দিলেন আরেক পা। আর তারই সুবাদে করে ফেলেছেন দুটি রেকর্ডও।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে লর্ডসের ২২ গজে টানা তিনবার শতরান করলেন রুট। ক্রিকেটের মক্কায় এর আগের দুই ইনিংসে রুটের রান ছিল যথাক্রমে ১৪৩ এবং ১০৩। এদিন শেষপর্যন্ত করেন ১০৪। রুট ছাড়া আর যে দুই ব্যাটার লর্ডসে টানা তিন ইনিংসে শতরান হাঁকিয়েছেন তাঁরা হলেন জ্যাক হবস এবং মাইকেল ভন। অন্যদিকে লর্ডসের এদিনের শতরান রুটের ভারতের বিরুদ্ধে ১১ তম সেঞ্চুরি। এটিও একটি রেকর্ড বৈকি। ভারতের বিরুদ্ধে টেস্টে সবথেকে বেশি ১১ টি শতরানের রেকর্ডটি এতদিন ছিল স্টিভ স্মিথের নামের পাশে। তাতেই এ বার ভাগ বসালেন রুট।
যদিও এই দুই রেকর্ড কার্যত ফিকে হয়ে যাচ্ছে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়ার কৃতিত্বের কাছে। রুট এবং সচিনের মাঝে এখন মাত্র আর ৩ জন। যথাক্রমে কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং এবং জ্যাক ক্যালিস। তবে রুটের বয়স সবে ৩৪। আশা করাই যায়, আরও অন্ততঃ বছর তিন-চারেক তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। আর তাই যদি হয়, শুধু বাকিদের কেন, ভেঙে দিতেই পারেন সচিনের রেকর্ডও। কে বলতে পারে!
