শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ লগ্নে উত্তপ্ত হয়ে ওঠে লর্ডসের পরিবেশ। ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করেছেন। এই অভিযোগ এনে আরেক ওপেনার বেন ডাকেটের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। এর জের দেখা গেল রবিবারও। দলনেতার দেখানো পথে হেঁটেই এ বার হোম অব ক্রিকেটে ইটের বদলে পাটকেল ছুঁড়লেন মহম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি।
শনিবার দ্বিতীয় ইনিংস শুরুর পর মাত্র এক ওভারই ব্যাট করেছিল ইংল্যান্ড। এই ওভারে ইংরেজ ওপেনার জ্যাক ক্রলির বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ আনে ভারতীয় দল। অভিযোগ, ভারতের ইনিংস শেষ হওয়ার পর যেটুকু সময় বাকি ছিল তাতে অন্তত দুটি ওভার হয়েই যেত। কিন্তু জ্যাক ক্রলি ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে দ্বিতীয় ওভারটি হতে দেননি। এ সময় ক্রলির দিকে মারমুখী মেজাজে তেড়ে যান অধিনায়ক গিল। এরপর আরেক ওপেনার ডাকেটের সঙ্গে রীতিমত বচসা শুরু হয় তাঁর। এমনকি মেজাজ হারিয়ে গালাগালিও করে ফেলেন গিল।
এ বার এই দুই ব্যাটারকে আউট করেই বিশেষভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন সিরাজ এবং নীতিশ। প্রথম ঘটনাটি ঘটে ইংল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে। এই সময় সিরাজের বলে পুল করতে গিয়ে মিড অনে বুমরাহ্’র হাতে ধরা পড়েন ডাকেট। এরপরই সিরাজ তাঁর সামনে গিয়ে “কাম অন কাম অন..” বলে চিৎকার করতে থাকেন। ইংরেজ ব্যাটার যদিও এর কোন উত্তর দেননি। তিনি ভারতীয় বোলারের কটাক্ষ গায়ে না মেখে সাজঘরের দিকে হাঁটা লাগিয়েছিলেন। কিন্তু পরিবেশ ক্রমেই উত্তপ্ত হতে দেখে এগিয়ে আসতে হয় আম্পায়ারকে।
এরপর ১৫ তম ওভারে আরেক ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তখনও একই ঘটনা। ক্রলির সামনে গিয়ে চিৎকার করতে দেখা যায় নীতিশকে। মূলতঃ এই ক্রলির কারণেই তৃতীয় দিনের শেষে নাটকীয় আবহের সৃষ্টি হয়েছিল ক্রিকেটের মক্কায়। যদিও ডাকেটের মত তিনিও ছিলেন নীরব। ভারতীয়দের উদ্দেশ্যে পাল্টা প্রত্যুত্তর করতে দেখা যায়নি তাঁকে। তবে এই দুই ঘটনা যথেষ্টই বিতর্কের সৃষ্টি করেছে ঐতিহ্যবাহী লর্ডসের মাঠে।
