সুদীপ্ত চট্টোপাধ্যায়
নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হল একাধিক জনমুখী ও প্রশাসনিক সিদ্ধান্ত। শিল্প উন্নয়ন থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং পুনর্বাসনের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপে ছাড়পত্র দিল মন্ত্রিসভা। ২০২৩ সালের ২ জুন বালাসোর রেল দুর্ঘটনায় নিহত ১৩ জন পশ্চিমবঙ্গবাসীর পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই পরিবারের সদস্যদের হোম গার্ড ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে বলে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে সোমবার মানবিকতার নিরিখে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক পেনশনের জন্য কলকাতা পুরনিগমের কমিশনারের কাছে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট আবেদনকারীরা। এতদিন এই আবেদন করতে হত নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ দফতরের মাধ্যমে।
এবার থেকে কলকাতা পৌরসভা কে এই সামাজিক বা মানবিক ভাতা পাওয়ার ক্ষেত্রে নোডাল ডিপার্টমেন্ট তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এখন থেকে কলকাতা পুর কমিশনারের কাছেই আবেদন ও অনুমোদন—দুটি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বৈঠকে এই নিয়ম বদলের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এছাড়া মূলধন ঘাটতি ও নগদের প্রয়োজন মেটাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBSEDCL) ১৫০০ কোটি টাকার ঋণ নিচ্ছে।
দুটি সংস্থার কাছ থেকে এই ঋণ নেওয়ার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়াও মন্ত্রিসভার অনুমোদনেই পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানা এলাকার মঙ্গলপুর ও ভক্তারনগর মৌজায় ২০৫.০১ একর জমির উপর তৈরি হবে নতুন শিল্প পার্ক। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই জমি হস্তান্তর করল রাজ্য শিল্প উন্নয়ন নিগম (WBIDC)-কে।
রাজ্যে শিল্পায়নের গতিকে আরও এগিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। দার্জিলিং জেলার কার্শিয়াং-এর ডাওহিল ক্যাম্পাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চালু করতে চলেছে নতুন কোর্স, Interdisciplinary Integrated Master’s Programme in Public Administration। এই কোর্স চালানোর জন্য সাতটি নতুন অধ্যাপক পদের সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে।
