সুদীপ্ত চট্টোপাধ্যায়
হিন্দমোটরের জমিতে বন্দে ভারত কোচ তৈরির জন্য জমি দিচ্ছে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার ৪০.০০৯ একর জমি ৯৯ বছরের জন্য লিজ দিল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (পূর্বতন টিটাগড় ওয়াগন)-কে। উত্তরপাড়া থানার অন্তর্গত কোতরং ও ভদ্রকালী মৌজায় অবস্থিত এই জমিতে মেট্রো রেল ও বন্দে ভারত ট্রেনের কোচ তৈরির জন্য কারখানা সম্প্রসারণ করবে ওই সংস্থা।
উল্লেখযোগ্য, ২৭০০ জন শ্রমিককে আচমকা কর্মচ্যুত করে ২০১৪ সালের ২৪ মে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল হিন্দমোটরের হিন্দুস্তান মোটর কোম্পানি। দেশের অন্যতম চারচাকা গাড়ি অ্যাম্বাসেডর তৈরির এই সংস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে রাজ্যের ছোট গাড়ির শিল্প উৎপাদনে যথেষ্ট ধাক্কা নেমে আসে। দীর্ঘদিন হিন্দ মোটরের কারখানার গেটে বকেয়া পাওনার দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ অনশন আন্দোলন চালান কর্মী-শ্রমিকরা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
যদিও শেষ পর্যন্ত হিন্দমোটর কারখানা বন্ধই হয়ে যায়। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা এই কারখানার জমি নিয়েও নানা বিতর্ক শুরু হয়। জমি হাঙ্গরদের কবলে পড়ে হিন্দমোটর কারখানার অব্যবহৃত জমি। কারখানার সেট গুলি দিনেদুপুরে চুরি হয় এবং তা পাচার হয়ে যায়। এ নিয়ে স্থানীয় এলাকায় যেমন বিক্ষোভ দেখা দেয় তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যথেষ্ট সমস্যা তৈরি হয় হিন্দমোটর স্থানীয় এলাকায়। অবশেষে হিন্দু মোটরের কারখানার জমি বিকল্প কারখানা তৈরির কাজে লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। খুব শীঘ্রই হিন্দমোটর কারখানার জমিতে বন্দে ভারত ও মেট্রো রেল কোচ তৈরির কারখানার কাজ শুরু হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে
