সুদীপ্ত চট্টোপাধ্যায়
বীরভূম জেলার ডেউচা-পাচামি এলাকায় ২,৪০০ একর জমিতে কয়লা উত্তোলনের সম্ভাবনা তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম একটি মাইন ডেভেলপার নিযুক্ত করতে চলেছে। ইতিমধ্যেই খনি থেকে কয়লা উত্তোলনের জন্য আগ্রহপত্র নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৬টি সংস্থা আগ্রহপত্র জমা দিয়েছে রাজ্য সরকারকে বলে সরকারি সূত্রে খবর। জেএসএম মাইনিং প্রাইভেট লিমিটেড, হিন্ডালকো কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড, মিনোভা ইনোভেটিভ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, মিনেশন লিমিটেড, মাহেশ্বরী মাইনিং প্রাইভেট লিমিটেড এবং পোলাভরম প্রজেক্ট কয়লা উত্তোলনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহপত্র জমার পরবর্তী ধাপে মূল্যায়ন প্রক্রিয়া চলছে বলে নবান্ন সূত্রে খবর। মাইন ডেভেলপার হিসেবে যে সংস্থা নিযুক্ত হবে তারা খনি উন্নয়নের সঙ্গে সেখান থেকে কয়লা উত্তোলনেরও দায়িত্ব নেবে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অনুমান করা হচ্ছে, প্রথম পর্যায়েই ডেউচা-পাচামি কয়লা প্রকল্প থেকে ১,০০০ থেকে ১,২০০ মিলিয়ন টন কয়লা উত্তোলনের সুযোগ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, ডেউচা-পাচামি সম্পূর্ণরূপে শুরু হলে কয়লার অভাব যেমন হবে না তেমনি বিদ্যুতের সমস্যাও থাকবে না। প্রসঙ্গত, কেন্দ্রীয় খনিজ মন্ত্রক ও রাজ্য সরকার যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। ডেউচা-পাচামি কয়লা প্রকল্প বাস্তবায়িত হলে তা হবে দেশের অন্যতম বৃহৎ কয়লা উত্তোলন প্রকল্প। প্রচুর কর্মসংস্থানের পাশপাশি ৩৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ আসতে পারে বলেও আশা।
