আহমেদাবাদে মর্মান্তিক পরিণতি গোটা পরিবারের। গুজরাটের আহমেদাবাদ জেলার বাগোদারা গ্রামে এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিষাক্ত তরল জাতীয় কিছু পান করেই আত্মহত্যা করেছে গোটা পরিবার। গোটা পরিবারের আত্মহত্যার পেছনের কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন স্বামী বিপুল কাঞ্জি ওয়াঘেলা (৩৪), যিনি রিকশা চালক হিসেবে কাজ করতেন, তাঁর স্ত্রী সোনাল (২৬), দুই কন্যাসন্তান (বয়স ১১ ও ৫) এবং এক পুত্রসন্তান (বয়স ৮)। শনিবার প্রতিবেশীরা বিপুল কাঞ্জি ওয়াঘেলার ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করেন। বেশ কিছুক্ষন পরও কোনও প্রতিক্রিয়া না পেয়ে বাগোদারা থানায় খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে বাগোদারা থানার পুলিশের সঙ্গে পৌঁছায় স্থানীয় অপরাধ শাখা, স্পেশাল অপারেশন গ্রুপ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বাগোদারা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
আহমেদাবাদ (গ্রামীণ) জেলা পুলিশ সুপার ওম প্রকাশ জাট জানিয়েছেন, ‘বাভলার এক ভাড়া বাড়িতে বিষাক্ত তরল পান করে একই পরিবারের পাঁচ সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে আর্থিক অনটন কারণ হতে পারে। খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন
এই পরিবারটি মূলত আহমেদাবাদের ঢোলকা এলাকার বাসিন্দা। তবে ঠিক কী কারণে তাঁরা এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও রহস্যাবৃত। মৃত পরিবারের আত্বিয়স্বজন এবং প্রতিবেশীরা জানিয়েছেন, কাল পর্যন্ত বেশ হাসিখুশি ছিল গোটা পরিবার। কিন্তু আজ হঠাৎ কেন তারা এই পথ বেছে নিল বোঝাই যাচ্ছে না।
