শুক্রবার ম্যানচেস্টারে এক অনন্য কীর্তি গড়েছিলেন জশপ্রীত বুমরাহ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ভারতের বাইরে দুটি আলাদা দেশে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। শনিবার দুর্দান্ত লড়াইয়ে আরও একটি নজির গড়লেন কে এল রাহুল এবং অধিনায়ক শুভমন গিল। ৫৫ বছর পর বিদেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে ৫০০ বা তার বেশি রান করার নজির গড়েছেন তাঁরা।
ম্যানচেস্টারের প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংরেজরা গড়েছে ৬৬৯ রানের পাহাড়। এই পাহাড়ে চাপা পড়ে শুরুতেই খাবি খেতে দেখা গিয়েছিল ভারতীয় ব্যাটিংকে। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে দলীয় স্কোর ০ রানেই ফিরে যান ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ৩ নম্বরে নামা সাই সুদর্শন। কিন্তু এরপরই এক অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তোলেন কে এল এবং গিল। গোটা দিনে আর কোনও উইকেট না হারিয়ে দুজনে যোগ করেন ১৭৪ রান। এর সুবাদেই নজিরটি গড়ে ফেলেছেন তাঁরা।
চলতি সিরিজে ইতিমধ্যেই ৭০০ রানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ভারত অধিনায়ক গিল। অন্যদিকে রাহুলও শনিবার অতিক্রম করেছেন ৫০০ রানের গণ্ডি। ফলে ৫৫ বছর পর প্রথমবার বিদেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে দুজন ভারতীয় ব্যাটার ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়লেন। শেষবার এমনটা হয়েছিল ১৯৭০-৭১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেটা ছিল সুনীল গাভাসকরের অভিষেক সিরিজ। তিনি এবং দিলীপ সারদেশাই ৫০০ এর বেশি রান করেন সেই সিরিজে।
এ দিকে গিল-রাহুল চতুর্থ দিনের শেষ বেলায় প্রতিরোধ গড়লেও এখনও বিপন্মুক্ত নয় ভারত। আর এখানেই উঠে আসছে ঋষভ পন্থকে নিয়ে প্রশ্নটা। প্রথম ইনিংসে ভাঙা পা নিয়েই ব্যাট করতে নেমেছিলেন পন্থ। দ্বিতীয় ইনিংসেও কি ব্যাট করবেন তিনি? ভারতীয় শিবির সূত্রে খবর, যদি দরকার পড়ে, তা হলে রবিবার অবশ্যই ব্যাট করবেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। তবে সেটা ৫ নম্বরে নয়। সূত্রটি জানিয়েছে, ৫ নম্বরে নামলে শুধু চার-ছক্কার ওপর ভরসা করলে হবে না সিঙ্গেল নেওয়াটাও জরুরি। কিন্তু ভাঙা পা নিয়ে পন্থ দৌড়াতে পারবেন না। তাই তাকে একটু নীচের দিকেই খেলানোর চিন্তাভাবনা রয়েছে।
