একদিকে যশ দয়াল। অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি। আইনের নিশানায় দুই ভারতীয় ক্রিকেটারই। সম্প্রতি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জয়পুরের সাঙ্গোনর সদর থানায় পকসো আইনে মামলা রুজু হয়েছে দয়ালের নামে। অন্যদিকে ২২ বছরের নীতীশ কুমার রেড্ডির বিরুদ্ধে উঠেছে বকেয়া অর্থ না মেটানোর অভিযোগ। ৫ কোটি টাকা চেয়ে মামলা করা হয়েছে ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে।
সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে নীতীশের। ইংল্যান্ড সফরে সুযোগ পেয়েও ছিটকে গিয়েছেন তিনি। হাঁটুর চোট ছিটকে দিয়েছে তাঁকে। এ দিকে দেশে ফিরেই আইনি ফ্যাসাদে পড়ে গেলেন তিনি। বকেয়া ৫ কোটি টাকা চেয়ে মামলাটি করেছে নীতীশেরই প্রাক্তন এজেন্ট সংস্থা স্কোয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড। দিল্লি হাইকোর্টে করা হয়েছে এই মামলাটি। অভিযোগ, চুক্তি অনুযায়ী যে পরিমাণ টাকা এই এজেন্সিকে দেওয়ার কথা ছিল, তা দিতে অস্বীকার করেছেন নীতীশ।
উল্লেখ্য, গত অস্ট্রেলিয়া সফরের সময়ই প্রাক্তন সংস্থার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয় নীতীশের। এরপর ভারতের এক ক্রিকেটারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এই পরিস্থিতিতে আলোচনা করেও সমাধানের কোনও পথ পাওয়া যায়নি বলেই আদালতের দ্বারস্থ হয়েছে স্কোয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড। যাদের সঙ্গে গত ২০২১ সালে নীতীশ চুক্তিবদ্ধ হয়েছিলেন বলে জানা গিয়েছে।
২০২১ এর পর থেকেই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে স্পটলাইটে আসেন নীতীশ রেড্ডি। সেই সময় উক্ত সংস্থার হয়ে একাধিক বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান তিনি। এমনকী বেশ কয়েকটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হন। কিন্তু এরপরেও চুক্তি অনুযায়ী যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল, স্কোয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডকে তা দিতে অস্বীকার করেন নীতীশ। আর সে কারণেই মামলা দায়ের করেছে সংস্থাটি। সোমবার এই মামলার প্রথম শুনানি।
