ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার থেকে দিল্লির সস্তায় তেল কেনার বিষয়টা কোনওভাবেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মস্কো-ওয়াশিংটন টানাপোড়েনের মধ্যে ফের ভারতের উপর শুল্ক বৃদ্ধির হুমকি দিলেন তিনি। সোমবারই ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ভারত শুধু বিপুল পরিমাণে রুশ তেলই কিনছে না, বরং সেই তেলের একটা বড় অংশ খোলা বাজারে বিক্রি করে মোটা অর্থ লাভ করছে। যেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে কত মানুষ মরছে, তাতে তাদের কিছু যায় আসে না।এই কারণে আমি ভারত থেকে নেওয়া শুল্ক আরও বাড়াব।” বোঝাই যাচ্ছে, রাশিয়া থেকে তেল কেনার খবরে মার্কিন প্রেসিডেন্ট তেলেবেগুনে চটেছেন।
কদিন আগেই রুশ তেল কেনার বিষয়টি তুলে ধরে ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতির দেশ বলে দেগে দেন ট্রাম্প। পাশাপাশি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে অতিরিক্ত কিছু আর্থিক জরিমানাও ধার্য করা হয়েছে। এই শুল্ক ১ অগস্ট ২০২৫ থেকে কার্যকরও হয়েছে।
এর পরেই কীভাবে যেন রটে যায়, ভারতীয় রিফাইনারিগুলো রুশ তেল কেনা বন্ধ করেছে।সংবাদমাধ্যমের কিছু রিপোর্টকে স্বাগত জানিয়ে ট্রাম্প তার প্রশংসাও করে বসেন। তবে তেল কেনা বন্ধের এই দাবি নাকচ করে দিল্লি জানায়, “দেশের জ্বালানির আমদানি পুরোপুরি বাজারের অবস্থা ও জাতীয় স্বার্থের উপর নির্ভর করে। রুশ তেল আমদানি বন্ধের কোনও সরকারি নির্দেশনা নেই এবং এমন কোনও তথ্যও পাওয়া যায়নি।”
এর পরেই খেলা ঘোরে অন্যদিকে। ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন ট্রাম্প ঘনিষ্ঠ প্রশাসনিক আধিকারিক স্ফিফেন মিলার। তাঁর দাবি, রাশিয়া থেকে এখনও তেল কিনছে ভারত। এভাবে মস্কো থেকে তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ সাহায্য করেছে দিল্লি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
