একটানা প্রবল বৃষ্টি রাজধানী দিল্লিতে। বৃষ্টির জেরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশু-সহ ৮ জনের। গুরুতর জখম অবস্থায় একজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। আহতের অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। শনিবার সকালে দক্ষিণ পূর্ব দিল্লির জৈতপুরের হরিনগরে এই ঘটনা ঘটে।
একটানা বৃষ্টির জেরে এদিন দিল্লি বিমানবন্দরে পরিষেবাও ব্যাহত হয়েছে। ১৮২ টি উড়ান নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে রওনা হয়েছে। ৩০ টি বিমান নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুক্ষণ পর দিল্লিতে নেমেছে।
শুক্রবার রাত থেকেই একটানা প্রবল বৃষ্টি চলছে দিল্লিতে। বৃষ্টির জেরে রাজধানী দিল্লির একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯ টা ১৫ নাগাদ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ওই ফোনেই দেওয়াল ভেঙে পড়ার খবর জানানো হয়। সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। দেওয়াল সরিয়ে আহতদের দ্রুত উদ্ধার করা হয় সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম একজন হাসপাতালে চিকিৎসাধীন।
মৌসম ভবন জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৭৮.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রগতি ময়দানে সর্বাধিক ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে । শনিবার সকালে দিল্লির তাপমাত্রা ২৩.৮ ডিগ্রিতে নেমে আসে। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় ৩.২ ডিগ্রি কম।
প্রবল বর্ষণের জেরে দিল্লি বিমানবন্দরেও পরিষেবা ব্যাহত হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮২ টি বিমান নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে ওঠানামা করেছে। পরিস্থিতির জেরে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জানিয়েছে, তাঁরা যেন বেশ কিছুটা সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসেন।কারণ বিমানবন্দর ও সংলগ্ন একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। যে সমস্ত যাত্রীরা বিমান ধরবেন তাদের সড়ক পথের পরিবর্তে মেট্রোপথে বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। একাধিক বিমান সংস্থা তাদের যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগে বিমান সম্পর্কে সর্বশেষ খবর জেনে নিতে অনুরোধ করেছে।
অন্যদিকে শনিবার ভোরে ঝাড়খণ্ডের চাণ্ডিলে দুটি মালগাড়ি লাইনচ্যুত হয়। যার জেরে বাতিল হয়েছে একাধিক যাত্রীবাহী ও দূরপাল্লার ট্রেন। প্রাণহানির খবর না থাকলেও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
একইসঙ্গে দুটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চাণ্ডিল শাখায় রেল চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। ঘটনার জেরে রাঁচি-হাওড়া বন্দে ভারত-সহ বেশ কিছু ট্রেন বাতিলকরা হয়। উদ্ধার কাজ তদারকিতে ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিকরা।
