আজ জমকালো প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে শুরু হল মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আমির খান এবং তাঁর গার্লফ্রেন্ড গৌরী স্প্র্যাট। দু’জনের হাত ধরে আগমনের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এদিনের অনুষ্ঠানে আমির খান ছাড়াও উপস্থিত ছিলেন কমেডিয়ান ও অভিনেতা বির দাস, জনপ্রিয় অভিনেত্রী তিলোত্তমা শোম, জিম সারভ, অদিতি রাও হায়দারি, পরিচালক সুজিত সরকার, আশ্বিনী আইয়ার তিওয়ারি, সিতারে জমিন পার ছবির পরিচালক আর এস প্রসন্ন এবং খ্যাতনামা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
আমির খান তাঁর বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সঙ্গে নিয়ে যোগ দেন মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এদিনের অনুষ্ঠানে আমিরকে দেখা যায় সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকের উপর কালো কোট পরে।
গৌরী স্প্র্যাট ছিলেন বেগুনি সালোয়ার স্যুটে, সঙ্গে ছিল বেইজ রঙের ওড়না।
আমির খান সাংবাদিকদের বলেন, “মেলবোর্নে আসতে পেরে খুব ভালো লাগছে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে অংশ নেওয়া আমার জন্য আনন্দের। এটি এমন একটি চমৎকার উদ্যোগ যা সিনেমার মাধ্যমে মানুষ ও সংস্কৃতিকে একত্র করে। আমি নিশ্চিত, এখানে আসা চলচ্চিত্র ও চলচ্চিত্রকাররা দারুণ অভিজ্ঞতা অর্জন করবেন।”
প্রসঙ্গত, আমির খানের সর্বশেষ ছবি ‘সিতারে জমিন পার’ মুক্তির আগে মুম্বইতে বিশেষ প্রদর্শনী হয়েছিল এবং ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এদিন আমির খান, গৌরী স্প্র্যাট এবং আমিরের বোন নিখাত খান হেগড়ে একই গাড়িতে অনুষ্ঠানস্থলে আসেন। গাড়িতে গৌরী ও আমিরকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ১৬তম মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৪ থেকে ২৪ অগস্ট পর্যন্ত। এতে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, বিশেষ অনুষ্ঠান, প্যানেল আলোচনা এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন। ১৫ জুন ২০২৪ থেকে ১৪ জুন ২০২৫-এর মধ্যে মুক্তি পাওয়া চলচ্চিত্র ও ওটিটি শোগুলিকে সম্মান জানানো হবে এই উৎসবে।
