স্বাধীনতা দিবস উপলক্ষে এনডি টিভির বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ আবার উপস্থিত হলেন আমির খান। দীর্ঘ ২৩ বছর পর তিনি এই অনুষ্ঠানে অংশ নিলেন। এদিনের অনুষ্ঠানে আমির বলেন, জয় জওয়ান অনুষ্ঠানে তিনি প্রথমবার এসেছিলেন ২০০৩ সালে। কার্গিল যুদ্ধ জয়ের পর ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এবার অপারেশন সিঁদুরের সাফল্যের পর তিনি ফের এলেন এই অনুষ্ঠানে।
এদিনের অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে আমির বলেন, কার্গিল যুদ্ধ জয়ের পর তিনি সেনাবাহিনীর প্রতিটি রেজিমেন্টের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।
এদিনের অনুষ্ঠানে আমির বলেন, এটা হয়তো কাকতলীয় যে, কার্গিল যুদ্ধ জয়ের পর যেমন আমি জয় জওয়ান অনুষ্ঠানে এসেছিলাম তেমনই অপারেশন সিঁদুরের সাফল্যের পর আবার এই অনুষ্ঠানে যোগ দিলাম। আমি খুব খুশি কারণ এই যুদ্ধেও আমরা জয়ী হয়েছি। আমি আমাদের দেশের সশস্ত্র সেনাবাহিনীর জন্য গর্ববোধ করি।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে ৭ মে পাক অধিকৃত এলাকায় ও পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনা। শেষ পর্যন্ত পাক সেনাবাহিনীর আর্জি মেনে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত।
আমির বলেন, কার্গিল যুদ্ধ জয়ের পর ২০০৩ সালে জয় জওয়ানের শুটিংয়ের জন্য তিনি জওয়ানদের সঙ্গে মিলিত হয়েছিলেন। আমিরের ধারণা ছিল, তিনি যদি জওয়ানদের সঙ্গে মিলিত হন তবে তাঁরা মানসিকভাবে আরও চাঙ্গা হবেন। কিন্তু জওয়ানরা তাঁকে অবাক করে দিয়েছিল। বরং বিভিন্ন ও রেজিমেন্টের সদস্যরা তাঁকেই পাল্টা উৎসাহ দিয়েছিলেন। পরিবার, আত্মীয়-স্বজন ছেড়ে দিনের পর দিন কার্গিলের মতো দুর্গম পার্বত্য এলাকায় দেশের সুরক্ষার কাজ চালান জওয়ানরা। এত কঠিন পরিস্থিতিও কিন্তু তাঁদের মুখের হাসি কেড়ে নিতে পারেনি। যা তাঁকে অবাক করেছিল বলে আমির জানিয়েছেন।
