স্বাধীনতা দিবসের দিন বড় দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস। ঘটনায় অন্তত দশজনের মৃত্যুর আশঙ্কা। আহত কমপক্ষে চল্লিশ। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায়। বাসযাত্রীরা সকলেই বিহারের মতিহারের চিরাইসা সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটা পুণ্যার্থী বোঝাই বাস নলা ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। বাসটি দুমড়ে মুচড়ে যায়। বিশাল আওয়াজ শুনে আশপাশের মানুষজন ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
জানা গেছে, বিহারের মতিয়ার থানার চিরাইসা সারসওয়া ঘাট এলাকার অন্তত পঁয়তাল্লিশ জন পুন্যার্থী বিহার থেকে বাসে করে গঙ্গাসাগর গেছিলেন। সেখান থেকে ফেরার পথে আজ সকালে বাসটা দুর্ঘটনার মুখে পড়ে। বাসের চালকের ঘুমে চোখ লেগে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। আহতদের বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
