এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ওড়িশার কটকে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। আবার বাধা দিলে পুড়িয়ে মারার হুমকির দেওয়া হয় বলে অভিযোগ। গত ৮ অগস্ট এই ঘটনা ঘটলেও, নাবালিকা তার পরিবারকে জানানোর পর গত সপ্তাহেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ অনুযায়ী, নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে একটি অটোতে চড়ে জগৎপুর থেকে বাদামবাড়ির দিকে যাচ্ছিল। শিখরপুরের কাছে পৌঁছানোর পর মেয়েটি অটোচালককে জল আছে কিনা জিজ্ঞাসা করে। চালক না বললে তারা অটো থামাতে বলে এবং মেয়েটির বন্ধু জল আনতে যায়।
এই সুযোগে, অটোচালক মেয়েটিকে গাড়ির ভেতরেই যৌন হেনস্থা করার চেষ্টা করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আপত্তিকরভাবে স্পর্শ করে বলে অভিযোগ।
মেয়েটি বাধা দিলে, অভিযুক্ত তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয় বলে অভিযোগ। কয়েকদিন পর মেয়েটি তার পরিবারের কাছে ঘটনাটি জানায় এবং তার পরিবার সঙ্গে সঙ্গে চাওলিয়াগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করার জন্য দল গঠন করে এবং তাকে গ্রেফতার করে। নাবালিকার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।
কটকের ডেপুটি কমিশনার অফ পুলিশ, খিলারি ঋষিকেশ জ্ঞানদেও বলেন, “চাওলিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের হওয়ার পর আমাদের বিশেষ দল তদন্ত শুরু করে। আমরা সঙ্গে সঙ্গে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করাই এবং অন্যান্য নিয়ম মেনে তদন্ত চালাই। নির্যাতিতার দেওয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা অটোটির সন্ধান পাই। এর পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং পরবর্তী তদন্ত চলছে।”
