বাংলা ছবি দ্য বেঙ্গল ফাইলস পরিচালনা করে আগেই বিতর্কে জড়িয়েছেন। এবার মারাঠিদের খাবার নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কয়েকদিন আগে বিবেক এক সাক্ষাৎকারে বলেন, মারাঠিদের খাবারগুলোর স্বাদ একেবারেই ভাল নয়। একেবারে গরিব মানুষের মতো খাবার। সাধারণত চাষিরা এমন খাবার খায়। বিবেকের এই কথায় আগুনে ঘি পড়েছে। তীব্র প্রতিবাদ এসেছে মারাঠিদের কাছ থেকে।
বিবেক আদতে দিল্লির বাসিন্দা। তবে তাঁর স্ত্রী পল্লবী যোশী মহারাষ্ট্রের মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক বলেন, পল্লবীর সঙ্গে বিয়ের পর তাঁর খাবার খেতে সমস্যা হত। কারণ পল্লবী রান্না করত মারাঠি রীতি-নীতিতে। মারাঠি খাবারে নুন দেওয়াই হয় না। আলাদা করে পাতে নুন নিতে হয়। প্রতিটা খাবারেই লেবু চিপে খেতে হয়। এমনকী কারিতেও ওরা শুকনো লঙ্কা বা ঝাল ব্যবহার করে না। মারাঠি স্টাইলে রান্না তাঁর বড় অদ্ভুত মনে হয়েছিল। কারণ দিল্লির বাসিন্দা হওয়ায় তিনি ঘি, মাখন দেওয়া খাবার খেতে অভ্যস্ত ছিলেন। তাই পল্লবীর তৈরি খাবার দেখে তাঁর মনে হয়েছিল এ ধরনের খাবার সাধারণত গরিব মানুষ ও চাষিরা খায়।
বিবেক আরও জানিয়েছেন, পল্লবীর হাতের রান্না খেতে খেতে তিনি এখন মারাঠি খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এখন তিনি বাড়িতে নিয়মিত মারাঠি খাবারই খান। তাতে তাঁর কোনও সমস্যা হয় না। এছাড়াও তাঁর মনে হয়েছে, মারাঠি খাবার বেশ সুস্বাদু এবং পকেট-সাশ্রয়ী। বিবেকের ওই মন্তব্য ইতিমধ্যেই সোশাল মিডিয়া ভাইরাল। যা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে মারাঠিরা চাঁচাছোলা ভাষায় বিবেকের সমালোচনা করেছেন। চাপে পড়ে বিবেকের সাফাই, তিনি বলেছিলেন মারাঠিরা চাষিদের মতো খাবার খায়। বিবেক আরও জানিয়েছেন, পল্লবী এখন উত্তর ভারতীয় খাবার খেতে শিখে গিয়েছেন। তবে তিনি আর তেল, ঘি, মাখন দেওয়া খাবার খান না। বরং সাধারণ খাবারই খেয়ে থাকেন। তাঁর কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিবেক। পরিচালকের দাবি, তিনি মজা করে ওই কথাগুলো বলেছিলেন। বিবেকের দাবি, তাঁর বক্তব্য পুরোপুরি না শুনে বক্তব্যের একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়ে ভাইরাল করা হয়েছে।
