ডার্বি অতীত। শেষ হয়েছে ডুরান্ড কাপ অভিযান। এখন সামনে লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। সেই লক্ষ্যেই অবিচল সবুজ মেরুন শিবির। ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের পরদিনই ফুটবলারদের রিকভারি সেশন করিয়েছিলেন কোচ মোলিনা। মাঝে একদিন বিশ্রাম। তারপর পুরোদমে এসিএল ২ -এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান শিবির।
আগামী ১৬ সেপ্টেম্বর যুবভারতীতে তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে এশিয়া অভিযান শুরু করবে মোহনবাগান। তার আগে চুটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন মোলিনার ছেলেরা। দিমি-কামিংসদের ছন্দে ফেরানোই মূল লক্ষ্য মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। অনুশীলনে কড়া নজর রেখেছেন গুরু মোলিনা।
এই মুহূর্তে দলে চোট-আঘাতের সেরকম কোনও সমস্যা নেই বললেই চলে। চোট সারিয়ে বৃহস্পতিবার বল পায়ে অনুশীলন করেছেন অধিনায়ক শুভাশিস বসু এবং মনবীর সিং। ডার্বিতে যে দুজনের অনুপস্থিতি টের পেয়েছে মোহনবাগান। তবে কিয়ান নাসিরি এখনও রিহ্যাবেই রয়েছেন।
বৃহস্পতিবার অঝোরে বৃষ্টির মধ্যেই চলে অনুশীলন। উপস্থিত ছিলেন সব ফুটবলাররাই। এদিন পজিশনাল ফুটবলের উপরেই জোর দেন বাগান কোচ। তবে মাঝপথেই মাঠ ছাড়েন ডার্বিতে মেরিনার্স ব্রিগেডের হয়ে একমাত্র গোল করা অনিরুদ্ধ থাপা। পরে দেখা যায় নি ক্যাপ পরে গাড়ি চড়ছেন তিনি। সামান্য অস্বস্তি থাকলেও সেভাবে বড় কিছু চোট পাননি বলেই বাগান শিবির সূত্রে খবর।
অনুশীলন শেষে খোশ মেজাজেই ছিলেন কোচ, সাপোর্ট স্টাফ থেকে ফুটবলাররা। অন্যান্য দিনের মতোই মাঠে আসা ভক্তদের সঙ্গে হাত মেলাতে, সেলফি তুলতে দেখা যায় তাঁদের। মোহনবাগান সূত্রে খবর, আগামী ২৮ অগস্ট থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর টিকিট পাওয়া যাবে অনলাইনে। দর্শকদের টিকিট পেতে যাতে কোনও সমস্যা না হয় তাই খানিক আগেভাগেই টিকিট বিক্রি প্রক্রিয়া শুরু করে দেওয়া হচ্ছে।
অন্যদিকে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার না ছাড়া নিয়ে ইতিমধ্যেই মোহনবাগানের সঙ্গে লেগে গিয়েছে ফেডারেশনের। সূত্রের খবর, এবার নাকি ব্যক্তিগতভাবে ফুটবলারদের ফোন করে জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা বলছেন খোদ ভারতীয় কোচ খালিদ জামিল। শুরুতেই ফাঁপরে পড়েছেন তিনি। তবে মোহনবাগানের সাফ বক্তব্য, ফিফা উইন্ডোর বাইরে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য নয় তারা।
