কেন্দ্রের পর এবার রাজ্য। পুলিশ কর্মী-আধিকারিকদের দেওয়া হল বীরত্ব ও পরিষেবা পদক। সম্প্রতি কলকাতা পুলিশের ৪৮ জন কর্মী- আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে এই পদক। রাজ্য সরকারের পক্ষ থেকে অনুকরণীয় সেবার জন্য তাঁদের নানান পদকে সম্মানিত করা হয়। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিষ্ঠা পদক, প্রশংসা পদক এবং সেবা পদক জয়ীদের হাতে পুরস্কারগুলি তুলে দিয়েছেন।
পদক তালিকায় ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সলোমন নেসাকুমার। আইপিএস পুলিশ কর্তা তাঁর Exceptional Intelligence Skills এর জন্য পেয়েছেন ‘অসাধারণ কুশলতা পদক’।
এসিপি অলোক কুমার সান্যাল তাঁর কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠার জন্য পেয়েছেন ‘নিষ্ঠা পদক’।
প্রশংসা পদক প্রাপ্তির তালিকায় রয়েছেন এসিপি পুলক কুমার দত্ত এবং এসিপি দিব্যেন্দু চ্যাটার্জি। ইন্সপেক্টর শান্তনু সিংহ রায় এবং ইন্সপেক্টর অরিজিৎ চট্টোপাধ্যায়কেও সম্মানিত করা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে এমন পুরস্কার প্রদানের আগেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রকের পক্ষ থেকে পুলিশ এবং দমকল মিলিয়ে মোট ২৭ কর্মীকে সম্মান প্রদান করা হয়েছিল। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন ঘিরেই তাঁদের পদক প্রাপ্তি। হাওড়ার পুলিশ কমিশনার সহ রাজ্যে ১৬ পুলিশ কর্মী পদক পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পদক পেয়েছেন দমকলের ১১ জন কর্মী।
