সোমবার ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই হেরে গিয়েছেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। প্যারিসে এ দিন প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই তাঁকে মুখোমুখি হতে হয়েছিল বিশ্বের শীর্ষ বাছাই শি ইউকি’র। মাত্র ৫৪ মিনিটেই এই ম্যাচ হারতে হয় র্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা লক্ষ্যকে। খেলার ফলাফল ১৭-২১ এবং ১৯-২১। তবে এই পরাজয়ের মধ্য বেশ কিছু ইতিবাচক দিক দেখতে পেয়েছেন লক্ষ্যের দীর্ঘ দিনের পরামর্শদাতা তথা প্রাক্তন জাতীয় কোচ বিমল কুমার।
গত ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। তবে এ বছরটা তাঁর মোটেই ভাল যাচ্ছে না। চলতি বছরে এর আগেও ৭ বার প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে। উল্টোদিকে শি শুধুমাত্র বিশ্বের এক নম্বরই নন। তিনি প্যারিসে এসেছেন অল ইংল্যান্ড ওপেনসহ তিনটি সুপার ১০০০ শিরোপা জিতে। এই অবস্থায় প্রথম রাউন্ডেই শি ইউকি’র মুখোমুখি হয়ে যাওয়াটা লক্ষ্যের জন্য কিছুটা দুর্ভাগ্যজনক বলেই মনে করেন বিমল কুমার।
মাত্র ৫৪ মিনিটে শেষ হয়ে গেলেও ম্যাচ মোটেই একতরফা ছিল না। এমনকি ম্যাচের প্রথম পয়েন্ট লক্ষ্যই অর্জন করেছিলেন। এর পর দুর্দান্ত লড়াইয়ে সমতা ফেরান শি। গোটা ম্যাচ জুড়েই চলেছে এই তুল্যমূল্য লড়াই।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিমল কুমারের দাবি, “আমি তো বলব, চলতি বছরে এটি তার (লক্ষ্যের) সেরা ম্যাচগুলির মধ্যে একটি। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ফর্মে থাকা শি ইউকি’র মুখোমুখি হতে হয়েছিল। লক্ষ্যকে হতাশ হলে বা নিজের ওপর আস্থা হারালে চলবে না। কারণ এই পরাজয়ের মধ্যেও কিছু ইতিবাচক দিক রয়েছে। সেগুলি সামনে রাখতে হবে।”
চতুর্থ গেমে ৪৭ শটের র্যালি হয়। যেখানে লক্ষ্য রুদ্ধশ্বাস লড়াই করলেও শেষপর্যন্ত বাজিমাত করলেন শি। এক সময় ৬-১০ পিছিয়ে থেকেও ১১-১১ করে ফেলেছিলেন লক্ষ্য। এরপর শি টানা ৫ টি পয়েন্ট জেতেন। তারপর আবার এক সময় ১৬-১৭ করে ফেলেন ভারতীয় শাটলার। তবু শেষরক্ষা হয়নি। মূলতঃ টেকনিক দিয়েই প্রতিপক্ষকে টেক্কা দেন শি ইউকি। এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন জাতীয় কোচ।
বিমল কুমার বলেন, “প্রথম রাউন্ডের খেলাগুলিতে অপ্রয়োজনীয় কিছু ত্রুটির কারণেই মূল্য দিতে হচ্ছে তাকে।” ব্যখ্যা দেন, “সর্বোচ্চ স্তরে তাকে এই বিষয়ে আরও একটু তীক্ষ্ণ হতে হবে। শি সহজ পয়েন্টও দেয়। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সে খুব তীক্ষ্ণ এবং নিজের গতি বৃদ্ধি করে। লক্ষ্য প্রথম গেমে তার লিড নিয়ে আরও একটু সতর্ক থাকতে পারত। এই ধরণের খেলায় পার্থক্য খুব বেশি থাকে না।”
Lakshya Sen, Coach Vimal Kumar, Badminton World Championship 2025
