১৮ দিন মহাকাশে কাটিয়ে সদ্য ঘরে ফিরেছেন লখনউ-এর ভূমিপুত্র ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সোমবার লখনউয়ের লোক ভবনে শুভাংশুকে সংবর্ধনা দেয় উত্তরপ্রদেশ সরকার। সেই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশের তরুণ প্রজন্মকে শুভাংশুর মত সাহসী, উদ্যমী ও উৎসাহী হতে হবে। উল্লেখ্য ১৯৮৪ সালে রাকেশ শর্মার প্রায় চার দশক পর আবারও কোনও ভারতীয় মহাকাশ যাত্রায় সাফল্য পেয়েছেন।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শুভাংশুর এই মহাকাশযাত্রা দেশের নবীন প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা। শুভাংশুর এই সাফল্য শুধু উত্তরপ্রদেশের জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য এক পরম গর্বের বিষয়। দেশের তরুণ প্রজন্মকেও শুভাংশুর মতো সাহসী, উদ্যমী হতে হবে। তাহলে আমাদের আর কোনও সাফল্যই অধরা থাকবে না। শুভাংশুর বাবা রাজ্য সচিবালয়ের চাকুরে ছিলেন। এমন একজন ব্যক্তির ছেলে আজ শুধু উত্তরপ্রদেশ নয়, সমগ্র দেশকে গর্বিত করেছে। এটা এক বিরাট সাফল্য।
ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মহাকাশ প্রযুক্তিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শুভাংশু শুক্লার নামে একটি বিশেষ বৃত্তি চালু করবে তাঁর সরকার। যোগী আদিত্যনাথ আরও জানান, মাত্র তিন-চার বছর আগেও উত্তরপ্রদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে মহাকাশ প্রযুক্তি নিয়ে পড়াশোনা হত না। কিন্তু এখন এক ডজনেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কোর্স চালু হয়েছে। উত্তরপ্রদেশের উন্নয়ন যে সঠিক দিশায় এগিয়ে চলেছে এটা তারই প্রমাণ।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে শুভাংশু শুক্লার ১৮ দিনের মহাকাশযাত্রার উপর তৈরি একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে শুভাংশু কীভাবে পৃথিবীকে ৩২০ বার প্রদক্ষিণ করেছেন তা ওই ডকুমেন্টারি ফিল্মে দেখানো হয়।।
মুখ্যমন্ত্রী শুভাংশুকে সম্মান জানাতে তাঁর হাতে একটি শাল ও স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে শুভাংশু তাঁর ভাষণে মহাকাশ প্রযুক্তিতে কেরিয়ার গড়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন, বর্তমানে যুব সমাজের সামনে মহাকাশ গবেষণায় যুক্ত হয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর বিপুল সুযোগ রয়েছে। যা আগে ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে হবে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
