মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা সব টেক কোম্পানিগুলোকে ব্যবহার করে গোটা দুনিয়া দিব্যি পয়সা জমিয়ে নিচ্ছে বলে তোপ দাগলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দীর্ঘ পোস্টে অভিযোগ করেন যে গুগল, ফেসবুক, অ্যাপল ও অ্যামাজনের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর ডিজিটাল ট্যাক্স, ডিজিটাল সার্ভিস আইন, ডিজিটাল মার্কেট নিয়ম চাপিয়ে অর্থ আয় করছে বিভিন্ন দেশ। তাঁর আরও অভিযোগ, এক্ষেত্রে চিনের টেক জায়ান্টদের ছাড় দেওয়া হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, এটা আর চলতে পারে না, এখনই শেষ হতে হবে। তিনি আরও লিখেছেন, এই দেশগুলো আইন না বদলালে তিনি ‘অতিরিক্ত শুল্ক’ আরোপ করবেন এবং তাদের উদ্দেশে রফতানি হওয়া মার্কিন প্রযুক্তি ও চিপসের ওপর ‘রফতানি নিষেধাজ্ঞা’ বসাবেন। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আমাদের অসাধারণ আমেরিকান টেক কোম্পানিগুলোর ওপর আক্রমণ সহ্য করব না।”
ইউরোপসহ একাধিক দেশ ইতিমধ্যেই ডিজিটাল পরিষেবা দেয় এমন বড় বড় কোম্পানির আয়ের ওপর কর আরোপ করেছে। বহু বছর ধরে এটাই বাণিজ্য আলোচনায় বিতর্কের মূল কেন্দ্র। ট্রাম্প ও বাইডেন, উভয় প্রশাসনই অভিযোগ করেছে যে এই কর নীতি শুধু মার্কিন কোম্পানিগুলোকেই আলাদা করে টার্গেট করছে। এর জেরেই মার্কিন টেক কোম্পানিগুলোকে পিগি ব্যাঙ্কের পাশাপাশি ‘পাপোশ’ হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, “আমেরিকা এবং আমেরিকার টেক কোম্পানিগুলো আর বিশ্বের ‘পিগি ব্যাঙ্ক’ বা ‘ডোরম্যাট’ নয়। আমাদের দুর্দান্ত প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্মান দেখান, নইলে পরিণতি ভোগের জন্য প্রস্তুত থাকুন।”
তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নতুন হুমকি বিশ্ববাজারে ফের এক অনিশ্চয়তা তৈরি করবে। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন আরও বাড়াতে পারে।
