আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত ‘পতি, পত্নী অউর ওহ ২’ছবির শুটিং ঘিরে বড় বিপত্তি ঘটল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দাদের হাতে ছবির এক ক্রু সদস্য আক্রান্ত হয়েছেন বলে খবর। এই ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং এফআইআর দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৭ আগস্ট, প্রয়াগরাজের থর্নহিল রোডে, যেখানে ছবির শুটিং চলছিল। সাব ইন্সপেক্টর অভিজিৎ কুমার জানিয়েছেন, ওই দিন স্থানীয়দের সঙ্গে ছবির টিমের ঝামেলা হয় এবং সেই ঘটনায় একজন ক্রু সদস্য আক্রান্ত হন। এর জেরে শুটিং কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আক্রমণের লক্ষ্য ছিলেন বিআর চোপড়া ফিল্মসের প্রোডাকশন হেড জোহেব সোলাপুরওয়ালা। স্থানীয় কয়েকজনকে কেন্দ্র করে এই সংঘাত শুরু হয়। ঘটনার পরদিন অর্থাৎ ২৮ আগস্ট, বিআর চোপড়া ফিল্মসের লাইন প্রোডিউসার সৌরভ তিওয়ারি সিভিল লাইন্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ তদন্তে নাম উঠে আসে মেরাজ আলি নামে এক ব্যক্তির। তাঁকেই প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। যদিও ঘটনার নেপথ্যে আসল কারণ নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন।
এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত ফিল্মের প্রযোজক বা মেকাররা কোনও অফিসিয়াল বিবৃতি দেননি। তবে শুটিং বন্ধ হয়নি। বর্তমানে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান শুটিং চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই অভিনেত্রী রাকুল প্রীত সিংও ছবির টিমে যোগ দিতে প্রয়াগরাজে পৌঁছেছেন।
